১ ঘণ্টা ধরে জলের তলায়! দ্বিগুণ ফুলেছে ফুসফুস, রাহুলের ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ তথ্য

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে এবার সামনে এল শিহরণ জাগানো তথ্য। তমলুক হাসপাতাল সূত্রে পাওয়া ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, তাঁর মৃত্যুর কারণ জলে ডুবে যাওয়াই (Drowning)। তবে রিপোর্টের বিস্তারিত তথ্য রীতিমতো স্তম্ভিত করে দিয়েছে তদন্তকারীদের। দেখা গেছে, রাহুলের ফুসফুস ফুলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ আকার ধারণ করেছে। শুধু তাই নয়, তাঁর ফুসফুস, শ্বাসনালি, খাদ্যনালি এবং পাকস্থলীর ভেতরে প্রচুর পরিমাণে বালি ও নোনা জল পাওয়া গিয়েছে। চিকিৎসকদের অনুমান, অভিনেতা অন্তত এক ঘণ্টারও বেশি সময় জলের নিচে ছিলেন।
এদিকে, রাহুলের দেহ নিয়ে কলকাতার বিজয়গড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে শববাহী গাড়ি। তাঁর মৃত্যু ঘিরে টলিপাড়ায় রহস্যের মেঘ ঘনীভূত হচ্ছে। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের সিসিটিভি ফুটেজ ইতিধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। রবিবার ঠিক কী ঘটেছিল, তা জানতে ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আর্টিস্ট ফোরামের সদস্য দিগন্ত বাগচীর দাবি, শুটিং শেষে রাহুল জলে নামার পরই টেকনিশিয়ানরা চিৎকার করে ওঠেন। কিন্তু প্রশ্ন উঠছে, লিনা গঙ্গোপাধ্যায়ের দাবি অনুযায়ী যেখানে গভীর জলে নামার কোনো দৃশ্যই ছিল না, সেখানে ভর সন্ধ্যায় রাহুল কেন জলে নামলেন? সুদীপ্তা চক্রবর্তী থেকে রূপাঞ্জনা মিত্র—টালিগঞ্জের একাধিক তারকা ইতিমধ্যেই এই মৃত্যুর নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন।