‘ভোটকে প্রহসন বানাতে চাইছেন মুখ্যমন্ত্রী’, নির্বাচন কমিশনে বিস্ফোরক অভিযোগ কিরেন রিজিজু-র

বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে রাজনীতির পারদ। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘উস্কানিমূলক’ বক্তব্যের অভিযোগ তুলে দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো বিজেপি। সোমবার পীযূষ গোয়েল, কিরেন রিজিজু এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেয়। বিজেপির দাবি, গত কয়েকদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে ভয় ও উস্কানি ছড়াচ্ছেন।
বিজেপির অভিযোগে বিশেষ করে ২৫ মার্চ ময়নাগুড়ি ও নকশালবাড়ি এবং ২৬ মার্চ পাণ্ডবেশ্বরের সভার উল্লেখ করা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, মুখ্যমন্ত্রীর মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। এমনকি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর ২৮ মার্চের সাংবাদিক বৈঠকের বক্তব্যকেও নিশানা করেছে তারা। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, “মুখ্যমন্ত্রী মানুষকে ভয় দেখাচ্ছেন যে বিজেপিকে ভোট দিলে ছাড়া হবে না। নির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে তৃণমূল।” বিজেপি এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার অধীনে FIR দায়ের করার পাশাপাশি স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছে। কমিশন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও, তৃণমূল এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ।