শ্বশুর-শাশুড়ির ভরণপোষণ দিতে বাধ্য নন রোজগেরে বউমা! এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়

শ্বশুর-শাশুড়ির ভরণপোষণ এবং দেখভালের দায়িত্ব কি আইনত পুত্রবধূর ওপর বর্তায়? এক গুরুত্বপূর্ণ মামলার রায়ে এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, রোজগেরে পুত্রবধূ তাঁর শ্বশুর-শাশুড়িকে খোরপোশ দিতে আইনত বাধ্য নন। বিচারপতি মদন পাল সিংয়ের পর্যবেক্ষণ, “নৈতিক দায়বদ্ধতা কখনোই আইনি বাধ্যবাধকতায় রূপান্তরিত হতে পারে না।”
ঘটনাটি উত্তরপ্রদেশের এক দম্পতিকে কেন্দ্র করে। তাঁদের ছেলে পুলিশ কনস্টেবল ছিলেন, যার অকাল প্রয়াণের পর বৃদ্ধ দম্পতি তাঁদের রোজগেরে পুত্রবধূর কাছে ভরণপোষণ দাবি করে আদালতের দ্বারস্থ হন। তাঁদের যুক্তি ছিল, ছেলে পরিবারের প্রধান উপার্জনকারী হওয়ায় তাঁর অবর্তমানে পুত্রবধূর নৈতিক দায়িত্ব তাঁদের দেখাশোনা করা। গত বছর পারিবারিক আদালতে এই আর্জি খারিজ হওয়ার পর মামলাটি হাইকোর্টে পৌঁছায়।
আদালত জানিয়েছে, ফৌজদারি কার্যবিধির (CrPC) ১২৫ ধারা (বর্তমানে BNSS-এর ১৪৪ ধারা) অনুযায়ী, শ্বশুর-শাশুড়ি সেই নির্দিষ্ট শ্রেণির মধ্যে পড়েন না যাদের ভরণপোষণ দিতে একজন পুত্রবধূ বাধ্য। আদালত আরও স্পষ্ট করে যে, মানবিকতা বা মমতা থাকতে পারে, কিন্তু আইনি আদেশের অনুপস্থিতিতে কাউকে বাধ্য করা সম্ভব নয়। বিশেষ করে, পুত্রবধূ স্বামীর মৃত্যুর পর কম্প্যাশনেট গ্রাউন্ডে বা অনুকম্পামূলক চাকরি পেয়েছেন—এমন কোনো প্রমাণ না থাকায় হাইকোর্ট বৃদ্ধ দম্পতির আবেদনটি খারিজ করে দেয়।