পাহাড়ে ত্রিমুখী যুদ্ধ! অনিত-বিমলকে চ্যালেঞ্জ অজয় এডওয়ার্ডের, কার হাসি ফুটবে দার্জিলিং-কালিম্পঙে?

পাহাড়ের রাজনীতিতে ফের উত্তাপ বাড়ছে। আসন্ন নির্বাচনে দার্জিলিং, কালিম্পং এবং কার্শিয়াং—এই তিন কেন্দ্রেই লড়াই হতে চলেছে ত্রিমুখী। একদিকে শাসকদল তৃণমূলের জোটসঙ্গী অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম), অন্যদিকে বিজেপি ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার জোট। আর এই দুই শক্তিশালী পক্ষকে চ্যালেঞ্জ জানাতে ময়দানে নেমে পড়েছেন অজয় এডওয়ার্ডের নবগঠিত দল ‘ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট’ (আইজিজেএফ)। পাহাড়ি তিন আসনের পাশাপাশি সমতলের মাটিগাড়া-নকশালবাড়ি এবং শিলিগুড়িতেও প্রার্থী ঘোষণা করেছেন অজয়।
রাজনৈতিক মহলের মতে, অজয় এডওয়ার্ডের এই সিদ্ধান্ত বিজেপি জোটের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অভিযোগ উঠছে, আইজিজেএফ প্রার্থী দিয়ে আসলে বিজেপির ভোট কাটবে, যা আখেরে সুবিধা করে দেবে অনিত থাপার দলকে। তবে অজয় এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তাঁরা কোনো দল বা জোটের সুবিধা করতে নয়, বরং গোর্খাল্যান্ডের দাবি এবং পাহাড়ের প্রকৃত উন্নয়নের লক্ষ্যে একক শক্তিতে লড়ছেন। দার্জিলিং আসনে অজয় নিজে এবং কার্শিয়াংয়ে আইনজীবী বন্দনা রাইয়ের মতো হেভিওয়েট প্রার্থীদের লড়াই ভোটের সমীকরণকে বেশ জটিল করে তুলেছে।
বিজেপি অবশ্য এবার তাদের পুরনো সঙ্গী সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফ-কে ছাড়াই বিমল গুরুংয়ের হাত ধরেছে। কার্শিয়াংয়ে সোনম লামা এবং কালিম্পংয়ে প্রাক্তন অলিম্পিয়ান ভরত ছেত্রীকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। দার্জিলিং আসনে লড়ছেন মোর্চার নোমান রাই, তবে তাঁকে লড়তে হবে পদ্ম প্রতীকেই। এদিকে অজয় এডওয়ার্ডের প্রার্থী ঘোষণায় খুশি বিজিপিএম শিবির। দলের মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মার দাবি, ভোট কাটাকাটির ফলে পাহাড়ের তিনটি আসনেই এবার অনিত থাপার জয় নিশ্চিত। সব মিলিয়ে, পাহাড়ের ভোট-অঙ্ক এখন কোন দিকে ঘোরে, সেটাই দেখার।