আবারও ভিজবে বাংলা! কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির ভ্রুকুটি, কোন কোন জেলায় জারি কমলা সতর্কতা?

বসন্তের শেষেও বৃষ্টির বিরাম নেই। দু-একদিনের বিরতি নিয়ে ফের বঙ্গে ফিরে আসছে দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত বৃষ্টির এই দাপট অব্যাহত থাকবে। আগামীকাল, মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতার আবহাওয়া:
আজ তিলোত্তমায় আকাশ আংশিক মেঘলা থাকলেও মূলত বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে আসল খেলা শুরু হবে মঙ্গলবার থেকে।

উত্তরবঙ্গে কমলা সতর্কতা:
পাহাড় ও লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কোথাও কোথাও প্রবল শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট:
দক্ষিণবঙ্গের চার জেলায় কালবৈশাখীর ভ্রুকুটি চরমে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা।

কবে মিলবে রেহাই?
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মঙ্গলবারের এই দুর্যোগের পর বুধবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে। আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে বলে মনে করা হচ্ছে।