মাটি ছাড়াই হবে সবুজ বাগান! হাইড্রোপনিক্স শুরুর আগে এই ৫টি টিপস না মানলে গাছ বাঁচানো দায়

আধুনিক শহুরে জীবনে জায়গার অভাব আর ফ্ল্যাট কালচারের দাপটে বাগান প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ‘হাইড্রোপনিক গার্ডেনিং’ বা মাটি ছাড়া গাছ লাগানোর পদ্ধতি। এতে কাদা বা মাটির ঝক্কি নেই, ঘর থাকে পরিষ্কার। কিন্তু মাটি ছাড়া বাগান করা যতটা সহজ মনে হয়, সঠিক নিয়ম না জানলে গাছ শুকিয়ে যাওয়া বা শিকড় পচে যাওয়ার ভয়ও ততটাই বেশি। আপনিও যদি এই পদ্ধতিতে বাগান করতে চান, তবে ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন।

প্রথমত, সঠিক পাত্র নির্বাচন করা জরুরি। কাচের জার, প্লাস্টিকের বোতল বা বিশেষ হাইড্রোপনিক টব ব্যবহার করা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যাতে জল লিক না করে। দ্বিতীয়ত, মাটির বদলে গাছ পুষ্টি পায় ‘নিউট্রিয়েন্ট সলিউশন’ থেকে। জলে নাইট্রোজেন ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান সঠিক মাত্রায় মেশাতে হবে। তৃতীয়ত, সবসময় পরিশ্রুত বা আরও (RO) জল ব্যবহার করুন, কারণ সাধারণ নোংরা জল গাছের বৃদ্ধি আটকে দেয়। চতুর্থত, ইনডোর প্ল্যান্ট হলেও দিনে ৪-৬ ঘণ্টা আলো বা এলইডি গ্রো লাইট প্রয়োজন। সবশেষে, প্রতি ৭-১০ দিন অন্তর জল পাল্টানো বাধ্যতামূলক, যাতে ফাঙ্গাস না ধরে। পুদিনা, ধনেপাতা বা মানিপ্ল্যান্টের মতো গাছ দিয়ে আজই শুরু করতে পারেন আপনার শখের মাটিহীন বাগান।