৩০০-র ক্লাবে নীল-জার্সি! নাইটদের বিরুদ্ধে ম্যাচে অনন্য নজিরের মালিক হতে চলেছে মুম্বই

আইপিএল ইতিহাসের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স আজ এক অনন্য মাইলফলক স্পর্শ করতে চলেছে। রবিবার ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৯তম আইপিএলের অভিযান শুরু করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচটি কেবল মরশুমের প্রথম লড়াই নয়, বরং বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। কেকেআর-এর বিরুদ্ধে টস করতে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি দল হিসেবে ৩০০টি টি-২০ ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়বে ‘পল্টন’রা।

এখনও পর্যন্ত বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের দল এই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি। সামগ্রিকভাবে ক্রিকেট বিশ্বে পাকিস্তান জাতীয় দল এবং সোমারসেট কাউন্টি ক্লাবের পর মুম্বই ইন্ডিয়ান্সই তৃতীয় দল যারা ৩০০টি টি-২০ ম্যাচ খেলার নজির গড়ছে। এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফ্র্যাঞ্চাইজি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যারা গতকাল তাদের ২৮৭তম ম্যাচটি খেলেছে। উল্লেখ্য, মুম্বইয়ের এই ২৯৯টি ম্যাচের মধ্যে ২৭৭টি আইপিএল এবং ২২টি চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-র ম্যাচ ধরা হয়েছে।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এবং মাহেলা জয়বর্ধনের প্রশিক্ষণে আজ শক্তিশালী দল নিয়ে নামছে মুম্বই। দলে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার মতো তারকা ব্যাটারদের পাশাপাশি বোলিং বিভাগে ফিরছেন জসপ্রীত বুমরা। ফ্র্যাঞ্চাইজি পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ফিটনেস নিয়ে জল্পনা থাকলেও কেকেআর-এর বিরুদ্ধে শুরু থেকেই পাওয়া যাবে বুমরাকে। তবে উইল জ্যাকস এবং মিচেল স্যান্টনারের অনুপস্থিতি কিছুটা চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে ২৮১টি ম্যাচ খেলা কেকেআর-ও চাইবে মুম্বইয়ের এই রেকর্ড গড়ার দিনে জয় ছিনিয়ে নিতে। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে এখন ফুটছে ক্রিকেট ভক্তরা।