কসবায় নৃশংসতা! ছোট্ট মেয়ের সামনেই ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন মদ্যপ স্বামীর, শিউরে উঠল তিলোত্তমা!

দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকার বোসপুকুরে ঘটে গেল এক নৃশংস খুনের ঘটনা। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে নিজের ছোট্ট মেয়ের সামনেই ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল মদ্যপ স্বামী। মৃত মহিলার নাম স্বপ্না সিংহ। ঘটনার পর পালানোর চেষ্টা করলে অভিযুক্ত স্বামী বিনোদ সিংহকে ধরে পুলিশের হাতে তুলে দেন প্রতিবেশীরা।

ঘটনার সূত্রপাত: স্থানীয় সূত্রে খবর, বিনোদ কোনো স্থায়ী কাজ করত না। উল্টে স্বপ্নাই একটি বেসরকারি সংস্থায় কাজ করে সংসার চালাতেন। শনিবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্বপ্নার কাছে ৪ হাজার টাকা দাবি করে বিনোদ। টাকা দিতে অস্বীকার করায় শুরু হয় তুমুল অশান্তি। এরপর ভোরে বিনোদ যখন পুনরায় ফেরে, তখন স্বপ্না গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। মেয়ে দরজা খুলতেই ঘরে ঢুকে স্বপ্নার পেটে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে বিনোদ।

তদন্তে পুলিশ: রক্তাক্ত অবস্থায় স্বপ্নাকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। কসবা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে অনুমান, দীর্ঘদিন ধরে মত্ত অবস্থায় স্ত্রীকে মারধর ও টাকার জন্য চাপ দেওয়াই এই চরম পরিণতির মূল কারণ। নিহত স্বপ্নার মেয়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ।