‘আবার কি মারার পরিকল্পনা করছো?’ অমিত শাহের ‘ব্যান্ডেজ’ কটাক্ষে ফুঁসে উঠলেন মমতা!

ভোটের পারদ চড়তেই রণংদেহি মেজাজে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার মানবাজারের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ শাইলেন তিনি। শাহের গতদিনের ‘ব্যান্ডেজ’ কটাক্ষের পাল্টা জবাবে মমতা প্রশ্ন তুললেন, “আবার কি আমায় মারার পরিকল্পনা করছো?”

অমিত শাহকে পালটা চ্যালেঞ্জ: শনিবার কলকাতায় অমিত শাহ তৃণমূলের বিরুদ্ধে যে ‘চার্জশিট’ পেশ করেছিলেন, তার জবাবে মমতা বলেন, “চার্জশিট তো আপনার বিরুদ্ধে হওয়া উচিত। নেই কাজ তো খই ভাজ! স্বৈরাচারী উপায়ে গণতন্ত্র হত্যা করছেন আপনারা।” নিজের চোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নাকি ব্যান্ডেজ পরে ঘুরে বেড়াই! আগে আমার ডাক্তারের রিপোর্ট দেখে আসুন। গতবার ভোটের সময় তোমরাই আমার পায়ে চোট দিয়েছিলে। কারও চরিত্রহনন করার আগে কি নতুন কোনো চক্রান্ত চলছে?”

লক্ষ্মীর ভাণ্ডার ও আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা: রাজনৈতিক আক্রমণের পাশাপাশি এদিন একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতিও দেন মমতা। তিনি স্পষ্ট জানান, রাজ্যের মহিলারা আজীবন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পাবেন। এছাড়া কাঁচা বাড়িগুলিকে পাকা করে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। যুবসাথী প্রকল্পে যাঁদের টাকা আটকে রয়েছে, তাঁদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “কারও আবেদনের ভুল থাকলে তা ডেকে ঠিক করে দেওয়া হবে। এটা ভিক্ষা নয়, যুবকদের হাতখরচ ও অধিকার।”