মন কি বাত-এ যুদ্ধের মেঘ! পশ্চিম এশিয়ায় ১ কোটি ভারতীয়র নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা মোদীর!

রবিবাসরীয় ‘মন কি বাত’-এর ১৩২তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা গেল বিশ্ব রাজনীতির তপ্ত আবহ। পশ্চিম এশিয়ায় ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধ এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার ফলে তৈরি হওয়া বিশ্ব সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তবে এই উত্তাল পরিস্থিতির মধ্যেও প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
উপসাগরীয় দেশগুলোকে ধন্যবাদ: প্রধানমন্ত্রী জানান, বর্তমানে পশ্চিম এশিয়ায় প্রায় ১ কোটি ভারতীয় নাগরিক বসবাস করেন। যুদ্ধের এই কঠিন সময়ে তাঁদের যেভাবে নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, তার জন্য উপসাগরীয় দেশগুলোর প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মোদী বলেন, “আমাদের পরিবারের লক্ষ লক্ষ সদস্য ওখানে কাজ করেন। তাঁদের সুরক্ষায় এই দেশগুলোর সহযোগিতা অনস্বীকার্য।”
পেট্রোল-ডিজেল ও গুজব নিয়ে সতর্কবার্তা: বিশ্বজুড়ে চলা এই সংঘাতের জেরে পেট্রোল ও ডিজেলের জোগানে টান পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে অভয় দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত এবং সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশবাসীকে সতর্ক করে বলেন, “এই সংকটকালে কিছু অশুভ শক্তি গুজব ছড়িয়ে পরিবেশ কলুষিত করার চেষ্টা করছে। দয়া করে সরকারি তথ্যের ওপর আস্থা রাখুন এবং গুজবে কান দেবেন না।” ১৪০ কোটি ভারতবাসীর একজোট হয়ে এই প্রতিকূলতা কাটিয়ে ওঠার বিষয়েও তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।