একাই লড়বে কংগ্রেস! বাংলার ২৮৬ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত, তালিকায় কোন কোন হেভিওয়েট?

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলার রাজনীতিতে বড়সড় রদবদল। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করল জাতীয় কংগ্রেস। এআইসিসি (AICC) পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর জানিয়েছেন, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৮৬টি আসনেই প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি ৮টি আসনের ফয়সালা হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। আজ রবিবারই আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করতে পারে হাইকমান্ড।

হেভিওয়েটদের ভিড় ও নতুন রণকৌশল: এবারের তালিকায় সবথেকে বড় চমক হলো কংগ্রেসের একক লড়াই। গত দুই দশকে বামেদের সঙ্গে জোট করে লড়লেও, এবার একক শক্তিতে ময়দানে নামছে হাত শিবির। পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর ইঙ্গিত দিয়েছেন যে, রাজ্যের সমস্ত হেভিওয়েট নেতারাই এবার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন। এর ফলে অধীর রঞ্জন চৌধুরী এবং মৌসম বেনজির নূরদের মতো হেভিওয়েট নামগুলো তালিকায় থাকার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। অধীর চৌধুরী ইতিমধ্যেই বহরমপুর থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

নিচুতলায় ক্ষোভ ও প্রস্তুতি: দীর্ঘ ২০ বছর পর কংগ্রেস একলা লড়ার ঘোষণা করায় দলের একাংশের কর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা দিয়েছে, তেমনই প্রার্থী তালিকা ঘোষণায় দেরির কারণে জেলা স্তরে ক্ষোভও তৈরি হয়েছে। অনেক জায়গায় টিকিট প্রত্যাশীরা কেন্দ্রীয় নেতৃত্বের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। তবে দেরি হলেও ইতিমধ্যেই কর্মীদের দেওয়াল দখল এবং পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করার নির্দেশ দিয়েছে প্রদেশ কংগ্রেস। এখন দেখার, রবিবারের এই তালিকায় কত শতাংশ নতুন মুখ এবং কতজন অভিজ্ঞ নেতা জায়গা পান।