ATM-এ টাকা বা কার্ড আটকে গেছে? ভয় পাবেন না! জানুন টাকা ফিরে পাওয়ার সহজ উপায়

এটিএম থেকে টাকা তুলতে গিয়ে হঠাৎ দেখলেন কার্ডটি আর বেরোচ্ছে না, অথবা অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও মেশিন থেকে টাকা বেরোল না—এমন পরিস্থিতিতে যে কেউ আতঙ্কিত হয়ে পড়তে পারেন। প্রযুক্তিগত ত্রুটি বা নেটওয়ার্ক সমস্যার কারণে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবে এই সময়ে ভুল পদক্ষেপ নিলে আপনার বড়সড় আর্থিক ক্ষতি হতে পারে।

কেন এমন হয়? মেশিনে যান্ত্রিক গোলযোগ ছাড়াও বারবার ভুল পিন দিলে বা লেনদেন শেষ হওয়ার পর কার্ড সংগ্রহ করতে দেরি করলে নিরাপত্তার খাতিরে মেশিন কার্ডটি আটকে দেয়। একইভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না নিলে তা মেশিনের ভেতরেই ফিরে যায়।

বিপদে পড়লে যা করবেন: ১. টানাটানি করবেন না: কার্ড আটকে গেলে জোরে টানবেন না, এতে কার্ড ভেঙে যেতে পারে বা মেশিনের ক্ষতি হতে পারে। ২. হেল্পলাইনে ফোন: প্রতিটি এটিএম কাউন্টারে একটি নির্দিষ্ট ‘এটিএম আইডি’ (ATM ID) থাকে। সেটি নোট করে তড়িঘড়ি ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করুন। ৩. কার্ড ব্লক: নিরাপত্তার খাতিরে সঙ্গে সঙ্গে কার্ডটি ব্লক করে দেওয়া বুদ্ধিমানের কাজ। এতে অন্য কেউ আপনার টাকা হাতিয়ে নিতে পারবে না।

উদ্ধারের উপায়: ব্যাঙ্ক সাধারণত দুটি বিকল্প দেয়—হয় পুরনো কার্ড বাতিল করে নতুন কার্ডের আবেদন করা (যা ৭-১০ দিনে বাড়ি পৌঁছে যাবে), অথবা মেইনটেনেন্স টিমের মাধ্যমে আটকে থাকা কার্ডটি উদ্ধার করা। তবে নিজের ব্যাঙ্কের এটিএম হলে এই প্রক্রিয়া দ্রুত হয়। অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে।