ব্যাঙ্ক লকার নিতে গেলেই বিমা কেনার চাপ? সাবধান! জানুন আপনার অধিকার ও RBI-এর কড়া নিয়ম

মূল্যবান গয়না বা নথি সুরক্ষিত রাখতে ব্যাঙ্কের লকারই আমাদের প্রধান ভরসা। কিন্তু বর্তমানে অনেক বেসরকারি ব্যাঙ্ক লকার দেওয়ার নাম করে গ্রাহকদের ওপর বিমা বা মিউচুয়াল ফান্ড কেনার চাপ সৃষ্টি করছে। সম্প্রতি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের এক গ্রাহককে লকারের বিনিময়ে ১ লক্ষ টাকার ইউলিপ (ULIP) অথবা ৪০ হাজার টাকার টার্ম ইনস্যুরেন্স কেনার প্রস্তাব দেওয়া হয়। গ্রাহক রাজি না হওয়ায় তার আবেদন নাকচ করে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, ব্যাঙ্ক কি আদেও এমনটা করতে পারে?
আরবিআই (RBI)-এর নিয়ম কী বলছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অত্যন্ত স্পষ্ট। লকার বরাদ্দের সঙ্গে অন্য কোনও আর্থিক পণ্য (যেমন বিমা বা বিনিয়োগ) কেনার শর্ত দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যাঙ্ক কেবল লকারের তিন বছরের ভাড়া এবং জরুরি অবস্থায় লকার ভাঙার খরচ হিসেবে একটি ‘টার্ম ডিপোজিট’ বা এফডি (FD) দাবি করতে পারে। এর বাইরে বিমা বা অতিরিক্ত বিনিয়োগের দাবি করা নিয়মবহির্ভূত।
ব্যাঙ্ক চাপ দিলে কী করবেন? ১. লিখিত প্রমাণ চান: যদি ব্যাঙ্কের কর্মী বিমা কিনতে বাধ্য করেন, তবে তাঁকে সেটি লিখিতভাবে দিতে বলুন। সাধারণত অলিখিতভাবে এই চাপ দেওয়া হয়, তাই লিখিত চাইলে তারা পিছিয়ে আসে। ২. আরবিআই মাস্টারের উল্লেখ করুন: লকার সংক্রান্ত আরবিআই-এর ‘মাস্টার ডিরেকশন’-এর কথা উল্লেখ করে প্রতিবাদ জানান। ৩. অভিযোগ দায়ের: ব্যাঙ্কের ম্যানেজারকে লিখিত অভিযোগ জানান। যদি ৩০ দিনের মধ্যে সমাধান না হয়, তবে ‘আরবিআই ওমবাডসম্যান’ (RBI Ombudsman) বা ‘আরবিআই কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ পোর্টালে অনলাইন অভিযোগ করুন।