বিস্ফোরক কাজী আব্দুর রহিম! অভিষেকের সভার আগেই তৃণমূল ত্যাগ বাদুড়িয়ার বিধায়কের

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই বড়সড় ধাক্কা ঘাসফুল শিবিরে। সন্দেশখালিতে আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাই-ভোল্টেজ সভা, আর তার কয়েক ঘণ্টা আগেই তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন বাদুড়িয়ার হেভিওয়েট বিধায়ক কাজী আব্দুর রহিম। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে নিজের পদত্যাগের কথা ঘোষণা করে সরাসরি দলের টিকিট বণ্টন নীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
আব্দুর রহিমের অভিযোগ, ২০২১ সালে যখন দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন যারা লড়েছিলেন, তাঁদের এবার প্রার্থী করা হয়নি। উল্টে যারা এতদিন দলের বিরোধিতা করেছে, তাদেরই পুরস্কার হিসেবে টিকিট দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানান, “আমি মানসিকভাবে অত্যন্ত ব্যথিত। আমার পিতার আদর্শ আমাকে শিখিয়েছে অন্যায়ের সাথে আপস না করতে। তাই বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে না পেরে আমি দলের সমস্ত পদ ত্যাগ করলাম।” বসিরহাট সাংগঠনিক জেলায় এবার তৃণমূলের প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল হয়েছে। ৭টি আসনের মধ্যে ৬টিতেই পুরনো বিধায়কদের ছেঁটে ফেলেছে দল। বাদুড়িয়ায় রহিমের বদলে এবার লড়াই করছেন বুরহানুল মুকাদ্দিম লিটন। ভোটের মুখে এই ‘বিদ্রোহ’ বসিরহাটের রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।