নাম নেই দ্বিতীয় তালিকাতেও! প্রার্থী হওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী গোলাম রব্বানী!

প্রথম তালিকার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকাতেও ফিরল না বিদায়ী বিধায়ক তথা গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানীর নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এসআইআর (SIR)-এর অ্যাডজুডিকেশন বা বিচারাধীন তালিকায় তাঁর নাম আটকে থাকায় এখন নির্বাচনী লড়াইয়ে নামা নিয়েই প্রবল সংশয় দেখা দিয়েছে। আগামী ৩০ মার্চ থেকে প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হচ্ছে, অথচ তার আগে নিজের ভোটাধিকার ফিরে না পাওয়ায় কার্যত ব্যাকফুটে রাজ্যের এই মন্ত্রী।

নির্বাচন কমিশন সূত্রে খবর, গত ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর আজ দ্বিতীয় তালিকা প্রকাশিত হলেও সেখানে রব্বানীর নাম ওঠেনি। তবে স্বস্তির বিষয় এই যে, কমিশনের ‘ডিলিটেড’ বা বাতিল ভোটারদের তালিকায় তাঁর নাম নেই; অর্থাৎ তাঁর বিষয়টি এখনও কমিশনের বিশেষ পর্যবেক্ষণে বা বিচারাধীন রয়েছে। শশী পাঁজা কিংবা কাজল শেখের মতো তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের নাম দ্বিতীয় তালিকায় উঠে এলেও, রব্বানীর নাম না থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

এই পরিস্থিতিতে মেজাজ হারিয়ে সরাসরি কমিশন এবং বিজেপিকে তোপ দেগেছেন গোলাম রব্বানী। তিনি বলেন, “নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। শুধুমাত্র আমার নাম নয়, এলাকার প্রায় ৭৮ হাজার সাধারণ মানুষের নাম এভাবে আটকে রাখা হয়েছে। বিজেপি জানে তারা জিততে পারবে না, তাই ষড়যন্ত্র করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে।” এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, অক্ষরজ্ঞানহীন গরিব মানুষ কীভাবে ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করবেন?

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল গোয়ালপোখর আসনে ভোটগ্রহণ। মনোনয় জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। এখন তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকার দিকেই চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে ঘাসফুল শিবির। যদি সেই তালিকায় তাঁর নাম না ফেরে, তবে এই হাই-প্রোফাইল প্রার্থীর মনোনয়ন পেশ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।