তীর্থযাত্রায় রক্তস্নান! ওড়িশায় গিরিখাতে উল্টে গেল পর্যটক বাস, দম্পতিসহ মৃত ৫, আহত ৪০

পুণ্যলাভের আশায় বেরিয়েছিলেন তীর্থযাত্রীরা, কিন্তু মাঝপথেই ওত পেতে ছিল যমদূত। শুক্রবার গভীর রাতে ওড়িশার নয়াগড় জেলার দশপল্লা থানা এলাকায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হলো অন্তত ৫ জন তীর্থযাত্রীর। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি মানুষ, যাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃতদের মধ্যে এক দম্পতিও রয়েছেন বলে জানা গিয়েছে।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা? গঞ্জাম জেলার বরহমপুর এলাকা থেকে ৫৫ জন যাত্রী নিয়ে ‘মা সিংহেশ্বরী’ নামের একটি বেসরকারি পর্যটক বাস বালেঙ্গির জেলার হরিশঙ্কর ও নৃসিংহনাথ মন্দির দর্শনে যাচ্ছিল। শুক্রবার রাত দেড়টা থেকে দুটোর মধ্যে দশপল্লার কাছে পিঠাখাই গিরিখাত পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি উল্টে যায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক তৎপরতার পর পুলিশ ও দমকল পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত দশপল্লা মেডিক্যাল সেন্টার ও গুরুতর জেনেশুনিদের ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয়েছে।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য: প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, যার ফলে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারায় বাসটি। দুর্ঘটনায় বাসের চালক প্রবীণ কুমার সাহু নিজেও প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে রয়েছেন বরহমপুরের বাসিন্দা এল হরি পাত্র ও তাঁর স্ত্রী লক্ষ্মী পাত্র, সুপ্রভা সাহু এবং সুমন্তি সাহু। ১লা এপ্রিল তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। এই মর্মান্তিক ঘটনায় বরহমপুরের অশোকনগর ও ব্যাঙ্ক কলোনি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নয়াগড়ের অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতি রঞ্জন সামন্তরায় জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।