কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কতা

শুক্রবার রাতের তাণ্ডবের পর শনিবার বিকেলেও স্বস্তি নেই বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর ফের এক সতর্কবার্তায় জানিয়েছে, আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, কালবৈশাখীর দাপটে বীরভূম ও মুর্শিদাবাদে শিলাবৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে হাই-অ্যালার্ট।
কোথায় কোথায় দুর্যোগ? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্র-বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়ের দাপট সবথেকে বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কেন এই অকাল বৃষ্টি? আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে। আপাতত আগামী কয়েকদিন এই গুমোট গরম ও মাঝেমধ্যে ঝোড়ো বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে।