গ্যাসের আকাল ঘুচবে! হরমুজ পেরিয়ে ভারতে ঢুকছে দুই দানবীয় জাহাজ, সবুজ সংকেত দিল ইরান

দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকটের মাঝে এল বড়সড় স্বস্তির খবর। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে বন্ধু ভারতের জন্য নিজের দরজা খুলে দিল তেহরান। শনিবার ইরান সরকারের বিশেষ অনুমতিতে পারস্য উপসাগর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুটি বিশাল এলপিজি ট্যাঙ্কার— ‘বিডব্লিউ টিয়াইআর’ (BW Tyre) এবং ‘গ্রিন সানভি’ (GREEN SANVI)। প্রতিটি জাহাজে ৪৫ হাজার মেট্রিক টনেরও বেশি গ্যাস রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৯২ হাজার মেট্রিক টন জ্বালানি আসতে চলেছে ভারতে।
সংকট মেটানোর বড় পদক্ষেপ: গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে ভারতে এলপিজি সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। তবে কূটনৈতিক তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। ইতিমধ্য়েই শিবালিক, নন্দা দেবী, পাইন গ্যাস এবং জগ বসন্তের মতো জাহাজগুলি নিরাপদে ভারতে পৌঁছেছে। নতুন এই দুটি জাহাজ আগামী কয়েক দিনের মধ্যেই ভারতীয় বন্দরে নোঙর করবে বলে আশা করা হচ্ছে, যার ফলে অভ্যন্তরীণ বাজারে সরবরাহের চাপ অনেকটাই কমবে।
যুদ্ধের গ্রাসে প্রযুক্তি: সুখবরের পাশাপাশি একটি আশঙ্কার মেঘও দেখা দিয়েছে। জানা গিয়েছে, হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) এখনও প্রায় ২০টি ভারতীয় জাহাজ আটকে রয়েছে। ইরান সরকার ছাড়পত্র দিলেও সেখানে এক মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। লাগাতার যুদ্ধের ফলে ওই এলাকায় জিপিএস (GPS) পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত এবং ইন্টারনেট কাজ করছে না। ফলে দিক নির্ণয় করতে না পেরে জাহাজগুলি এগোতে পারছে না। তবুও ভারতীয় নৌসেনা ও প্রযুক্তিবিদরা বিকল্প উপায়ে জাহাজগুলিকে নিরাপদ জলসীমায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন।