ঝাড়গ্রামে বিজেপিতে বড়সড় ধস! ৩০ পরিবারসহ তৃণমূলে যোগ হেভিওয়েট মণ্ডল সদস্যের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই জঙ্গলমহলে শুরু হয়ে গিয়েছে দলবদলের খেলা। শনিবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে বড়সড় ধাক্কা খেল বিজেপি। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধানঘোরী অঞ্চলের কুলডিহা বুথে বিজেপির দাপুটে মণ্ডল কমিটির সদস্য অসিত পাত্র দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শুধু তিনি একাই নন, তাঁর সঙ্গে আরও প্রায় ৩০টি পরিবার আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে নাম লেখালেন।

উন্নয়নের জোয়ারে দলবদল: এদিন তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর হাত ধরে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউতসহ অন্যান্য নেতৃত্ব। দলত্যাগী নেতা অসিত পাত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং রাজ্য সরকারের প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছে দিতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচনের আগে এই ভাঙন প্রমাণ করছে যে মানুষ বিজেপির ওপর আস্থা হারাচ্ছে।

বিজেপির অস্বস্তি: ভোটের মুখে খোদ বুথ স্তরের প্রভাবশালী নেতার দলত্যাগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের মতে, গোপীবল্লভপুরের মতো গুরুত্বপূর্ণ আসনে এই ভাঙন বিজেপির ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, এতে সংগঠনের কোনও ক্ষতি হবে না। তবে ভোটের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর কাছে এই দলবদল এখন টক অফ দ্য টাউন।