ইভি কিনলে এবার পকেটে আসবে মোটা টাকা! পিএম ই-ড্রাইভ প্রকল্পে সময়সীমা বাড়াল কেন্দ্র, মিলছে বড় সুযোগ

পরিবেশ দূষণ রোধ এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে ইলেকট্রিক যানবাহনের (EV) ওপর বড়সড় ধামাকা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আপনি যদি একটি নতুন ইলেকট্রিক স্কুটার বা থ্রি-হুইলার কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এখনই সেরা সময়। মোদী সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘পিএম ই-ড্রাইভ’ (PM E-DRIVE)-এর আওতায় ভর্তুকির সময়সীমা এবং বরাদ্দের অঙ্ক দুই-ই বাড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় সরকারের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই খুশির খবর জানানো হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পে মোট অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০,৯০০ কোটি টাকা করা হয়েছে। কেন্দ্রের লক্ষ্য হলো মোট ২৪ লক্ষ ৭৯ হাজার ১২০টি দুচাকা এবং ৩৯ হাজার ৩৪টি তিনচাকাকে সরাসরি সরকারি ভর্তুকির আওতায় আনা। তবে এই সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত ও সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইলেকট্রিক দুচাকার ক্ষেত্রে যাঁরা ২০২৬ সালের ৩১ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন সারবেন, তাঁরাই এই আর্থিক সুবিধা পাবেন। অন্যদিকে, তিনচাকা বৈদ্যুতিক গাড়ির জন্য সময়সীমা রাখা হয়েছে ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে মনে রাখবেন, যদি বরাদ্দের অর্থ তার আগেই শেষ হয়ে যায়, তবে নতুন করে আর ভর্তুকি দেওয়া হবে না।
কারা পাবেন এই সুবিধা? ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে গাড়ির দামের ওপর একটি ঊর্ধ্বসীমা রাখা হয়েছে। যে সমস্ত ইলেকট্রিক দুচাকার ‘এক্স-ফ্যাক্টরি’ দাম ১.৫ লক্ষ টাকার মধ্যে এবং তিনচাকার ক্ষেত্রে ২.৫ লক্ষ টাকার মধ্যে, শুধুমাত্র সেই মডেলগুলোতেই মিলবে কেন্দ্রের এই বিশেষ ছাড়। বিশেষজ্ঞ মহলের মতে, বিশ্বজুড়ে জ্বালানি তেলের অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান দূষণ নিয়ন্ত্রণে ইভি-ই একমাত্র ভবিষ্যৎ। সরকারের এই বিশাল অংকের ভর্তুকি সাধারণ মানুষকে পরিবেশবান্ধব যাতায়াতে আরও বেশি উৎসাহিত করবে।