‘দাগি অপরাধী আর বিচারক এক আসনে!’ শাহর ‘চার্জশিট’ নিয়ে ব্রাত্য বসুর বিস্ফোরক আক্রমণ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কলকাতা সফরকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতির পারদ চড়ল তুঙ্গে। শনিবার তিলোত্তমায় পা রাখতেই তৃণমূলের দুর্নীতির খতিয়ান তুলে ধরতে ‘চার্জশিট’ সভার আয়োজন করেছে বিজেপি। আর শাহর এই পদক্ষেপকেই তীব্র শ্লেষে বিঁধলেন দমদমের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক ব্রাত্য বসু। তাঁর সাফ কথা, “বিচারক ও দাগি অপরাধী যখন একই আসনে বসেন, তখন কে কার কাছে চার্জশিট চাইবেন?”
ব্রাত্য বসু এদিন শেক্সপিয়রের ‘জুলিয়াস সিজার’ নাটকের তুলনা টেনে বিজেপিকে আক্রমণ করেন। তিনি দাবি করেন, যে অমিত শাহ আজ তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, তাঁর নিজের মন্ত্রকের রিপোর্টই বলছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থান নারী সুরক্ষার ক্ষেত্রে সবথেকে ব্যর্থ রাজ্য। ব্রাত্য প্রশ্ন তোলেন, “কেন মণিপুর নিয়ে কোনও কথা নেই? কেন মৌনতা বজায় রাখা হচ্ছে ব্রিজভূষণ ইস্যুতে? ডেমোগ্রাফি বদলানোর চেষ্টা কাদের জন্য হচ্ছে?”
রাজ্যের বকেয়া টাকা নিয়েও এদিন সুর চড়িয়েছেন ব্রাত্য। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার প্রায় ২ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পের প্রাপ্য টাকা থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, অথচ মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি সেই সুবিধা পাচ্ছে। ব্রাত্য বসুর কথায়, “বাংলার মনীষীদের অপমান করে এবং বাঙালিদের বঞ্চিত করে বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। এটা কখনওই সম্ভব নয়। এখানে নারী শক্তিরই জয় হবে।”
অমিত শাহর উপস্থিতিতে যখন বঙ্গ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছে, তখন ব্রাত্যর পাল্টা তোপ—বিজেপি আসলে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে এসেছে। গেরুয়া শিবিরের বিরুদ্ধে পালটা ‘চার্জশিট’ তৈরি করার ডাক দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, ২০২৬-এর লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ ঘাসফুল শিবির। জয় দিয়ে নয়, বরং অভিযোগ আর পাল্টা অভিযোগের লড়াইয়ে আজকের কলকাতা সফর এক অন্য মাত্রা পেল।