‘১০ লাখ টাকা, দু’টো করে ফ্ল্যাট”-ভোটের মুখে মমতার বড় ঘোষণা, জেনেনিন বিস্তারিত

লোকসভা ভোটের মুখে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জবাসীকে বড়সড় উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নির্বাচনী জনসভা থেকে রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের জন্য একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, মানুষের জীবনের চেয়ে দামি আর কিছু নেই, তাই ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বাসিন্দাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার।
কী কী সুবিধা পাবেন বাসিন্দারা? রানিগঞ্জের কয়লা খনি সংলগ্ন ধসপ্রবণ এলাকায় যাঁরা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী একগুচ্ছ বড় ঘোষণা করেছেন:
-
আর্থিক সহায়তা: যারা ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় সরে আসবেন, তাঁদের এককালীন ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
-
আবাসন সুবিধা: প্রতিটি পরিবারের জন্য থাকবে ২টি করে ফ্ল্যাট।
-
সরকার দেবে খরচ: বাড়ি বদল বা শিফটিংয়ের যাবতীয় খরচও বহন করবে রাজ্য সরকার।
-
ফ্ল্যাট তৈরির কাজ: মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্য়েই ২০০০টি ফ্ল্যাট তৈরি হয়ে গিয়েছে এবং আরও ৪০০০টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত।
তবে এই সিদ্ধান্ত কারও ওপর চাপিয়ে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন মমতা। তিনি বলেন, “আমি কাউকে জোর করছি না, শুধু আবেদন করছি—আপনারা নতুন করে ভাবুন। বড় ধস নামলে হাজার হাজার জীবন ঝুঁকির মুখে পড়বে, আমরা সেটা চাই না।”
ভোটার লিস্ট নিয়ে তোপ: এদিনের সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে তাঁর অভিযোগ, “এক একটি বুথে ৫০০ ভোটারের মধ্যে ৪০০ জনের নামই বাদ দেওয়া হচ্ছে। এটা কি রসিকতা? বিজেপি সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।”
সম্প্রীতির কড়া বার্তা: রামনবমীর আবহে রাজ্যে চলা উত্তেজনার মাঝে রানিগঞ্জ থেকে সম্প্রীতির সুর শোনা গেল মমতার গলায়। তিনি বলেন, “রামনবমী হোক বা দুর্গাপুজো, ইদ কিংবা বড়দিন—আমরা সব উৎসব একসঙ্গে পালন করি। একটা আঙুল দিয়ে কখনও মুঠো হয় না। সবাইকে নিয়ে চললেই সমাজ এগোয়।”
ভোটের লড়াইয়ে একদিকে যখন বিরোধী শিবির উন্নয়নের খতিয়ান চাইছে, ঠিক তখনই রানিগঞ্জের দীর্ঘদিনের ধস সমস্যার সমাধানে মমতার এই ‘মাস্টারস্ট্রোক’ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।