আকাশপথে মহাবিপদ! অর্ধেক বাণিজ্যিক বিমানেই যান্ত্রিক ত্রুটি, সংসদীয় কমিটির রিপোর্টে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া

দেশের বিমান পরিষেবা কি আদেও সুরক্ষিত? সংসদীয় কমিটির সাম্প্রতিক রিপোর্টে উঠে আসা তথ্য ভারতের উড়ান ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। গত এক বছরে (জানুয়ারি ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬) পরীক্ষিত ৭৫৪টি বাণিজ্যিক বিমানের মধ্যে ৩৭৭টিতেই বারবার যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। অর্থাৎ, ভারতের অর্ধেক বিমানই উড়ানের জন্য সম্পূর্ণ নিরাপদ নয়।
এয়ার ইন্ডিয়ার বেহাল দশা: রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে খারাপ অবস্থা এয়ার ইন্ডিয়ার। তাদের ১৬৬টি বিমানের মধ্যে ১৩৭টিতেই গুরুতর সমস্যা রয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০১টি বিমানের মধ্যে ৫৪টিতে নিয়মিত যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে। এমনকি ‘এক্সপায়ার্ড’ বা মেয়াদ ফুরিয়ে যাওয়া যন্ত্রাংশ দিয়েও বিমান চালানো হচ্ছে বলে অভিযোগ।
ডিজিসিএ-র ব্যর্থতা: নজরদারি সংস্থা ডিজিসিএ (DGCA)-র ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কমিটি। জানা গিয়েছে, সংস্থায় প্রায় ৪৮.৩% পদ খালি পড়ে আছে। পর্যাপ্ত কর্মী না থাকায় বিমান সংস্থাগুলির ওপর নজরদারি চালানো সম্ভব হচ্ছে না। পাইলটদের প্রশিক্ষণে ঘাটতি এবং অতিরিক্ত সময় কাজ করানোর মতো গুরুতর নিয়ম লঙ্ঘনের জন্য এয়ার ইন্ডিয়াকে ১ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।