মধ্যপ্রাচ্যে যুদ্ধ বনাম ভারতের প্রস্তুতি! মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদির হাই-প্রোফাইল বৈঠক, কেন ছিলেন না মমতা?

মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির মোকাবিলায় ভারতের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক জরুরি ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম সরাসরি রাজ্যগুলির সঙ্গে আলোচনায় বসলেন তিনি।
কারা উপস্থিত ছিলেন? বৈঠকে যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ, এন. চন্দ্রবাবু নাইডু, ভগবন্ত মান-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে নির্বাচনী আচরণবিধি (MCC) জারি থাকায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নিতে পারেননি।
টিম ইন্ডিয়ার ডাক: প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সংকটকালে ‘টিম ইন্ডিয়া’র মানসিকতা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। বিশেষ করে জ্বালানি সরবরাহ ও প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। ভোটমুখী রাজ্যগুলির ক্ষেত্রে মন্ত্রিপরিষদ সচিবালয় সরাসরি মুখ্য সচিবদের সঙ্গে পৃথক ভাবে এই পর্যালোচনা বৈঠক সারবে।