ভোটের মুখে কড়া দাওয়াই! কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করেননি? আইসি-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষ থামাতে ব্যর্থ হওয়ার অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ইনস্পেক্টর-ইন-চার্জ (IC) অভিজিৎ পালকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ইনস্পেক্টর প্রবীর ঘোষকে নতুন আইসি হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই শাস্তি? গত ২৬ মার্চ বাসন্তী বাজার এলাকায় তৃণমূল ও বিজেপির কর্মসূচীকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। অভিযোগ, এলাকায় কেন্দ্রীয় বাহিনী মজুত থাকা সত্ত্বেও আইসি তাদের ব্যবহার করেননি। আগাম খবর থাকা সত্ত্বেও পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না রাখা এবং কর্তব্যে গাফিলতিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীনতা’ হিসেবে দেখছে কমিশন। আইসি-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রানাঘাটে বিজ্ঞাপন বিতর্ক: এদিকে নদিয়ার রানাঘাটে ভোটকর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রে মুখ্যমন্ত্রীর সরকারি বিজ্ঞাপন দেখানো নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রতিবাদ করায় এক ভোটকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা প্রশাসনের রিপোর্ট তলব করেছে কমিশন।