রাতেই কলকাতায় শাহ! মমতার ১৫ বছরের শাসনের বিরুদ্ধে কাল ‘চার্জশিট’ পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বঙ্গ রাজনীতিতে পারদ চড়াতে আজ রাতেই কলকাতা পৌঁছোচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দুপুরে নিউ টাউনের একটি হোটেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে বিজেপির তৈরি ‘চার্জশিট’ বা ‘অভিযোগনামা’ প্রকাশ করবেন তিনি।

কী থাকছে এই চার্জশিটে? সূত্রের খবর, তৃণমূল সরকারের ১৪টি ক্ষেত্রের ব্যর্থতাকে এই নথিতে তুলে ধরা হয়েছে। এর মধ্যে প্রশাসনের দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সিন্ডিকেট রাজ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট বিশেষভাবে উল্লেখযোগ্য।

নির্বাচনী কৌশল: এপ্রিলের প্রথম সপ্তাহে বিজেপির ‘সঙ্কল্প পত্র’ প্রকাশের আগে এই চার্জশিট প্রকাশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় বাংলার ২৯৪টি আসনে ভোটগ্রহণ হবে এবং ফলাফল ঘোষণা হবে ৪ মে।