১৫ বছরের গণ্ডি পার! এবার সিনিয়র দলেও দেখা যেতে পারে আইপিএলের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান বৈভবকে

আজ ২৭ মার্চ, ভারতের উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) পা রাখলেন ১৫ বছরে। আর এই জন্মদিনের সঙ্গেই খুলে গেল তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের দরজা। আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী, ১৫ বছরের কম বয়সি ক্রিকেটারদের আন্তর্জাতিক স্তরে খেলা নিষিদ্ধ ছিল, যা আজ থেকে বৈভবের ক্ষেত্রে আর প্রযোজ্য নয়।

আইসিসির নিয়মের জাল থেকে মুক্তি তরুণ ক্রিকেটারদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে আইসিসি ১৫ বছরের বয়সসীমা বেঁধে দিয়েছিল। যদিও বিশেষ অনুমতি নিয়ে বৈভব অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন, কিন্তু সিনিয়র জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রে এই বয়স একটি বড় বাধা ছিল। আজ থেকে ভারতীয় নির্বাচকরা চাইলে তাঁকে সূর্যকুমার বা রোহিত শর্মাদের সঙ্গে সিনিয়র দলের জার্সিতে মাঠে নামাতে পারবেন।

নজরে দ্বিতীয় আইপিএল ইতিমধ্যেই আইপিএলে দ্রুততম ভারতীয় হিসেবে শতরান করার রেকর্ড রয়েছে বৈভবের ঝুলিতে। বর্তমানে তিনি রাজস্থান রয়্যালস শিবিরে কুমার সাঙ্গাকারার তত্ত্বাবধানে দ্বিতীয় আইপিএল মরশুমের জন্য কঠোর পরিশ্রম করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এবারের আইপিএলে ভালো পারফরম্যান্স তাঁকে সরাসরি জাতীয় দলের আরও কাছে পৌঁছে দেবে।