‘টিম ইন্ডিয়া’ হয়ে লড়তে হবে! জ্বালানি সংকট রুখতে মুখ্যমন্ত্রীদের বৈঠকে কোভিডের স্মৃতি ফেরালেন মোদী

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পঞ্চম সপ্তাহে পা দিতেই ভারতের জ্বালানি ও নিত্যপণ্যের সরবরাহ নিয়ে বড়সড় আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। বিশেষ করে ইরান যদি হরমুজ প্রণালী (Strait of Hormuz) অবরোধ করে, তবে বিশ্ববাজারে তেলের জোগান কার্যত স্তব্ধ হয়ে যেতে পারে। এই কঠিন পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ ব্যবস্থা মজবুত রাখতে শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোভিডের লড়াইকে হাতিয়ার বৈঠকে প্রধানমন্ত্রী ৬ বছর আগের করোনা মহামারির অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “করোনা কালে যেমন আমরা ‘টিম ইন্ডিয়া’ হিসেবে ঐক্যবদ্ধ হয়ে লড়েছি, এবারও সেই একই মনোভাব নিয়ে এগোতে হবে।” তিনি স্পষ্ট করে দেন যে, কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টাই এই সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলা করার একমাত্র পথ।

রাজ্যগুলিকে বিশেষ সতর্কবার্তা প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বাড়তি সতর্কতা নিতে বলেছেন। পশ্চিম এশিয়ার এই অস্থিরতা ভারতের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন। ফেডারেল কাঠামোকে শক্তিশালী ভিত্তি হিসেবে ব্যবহার করে কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।