লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ৩০০০ টাকা! ফাঁস বিজেপির ‘সংকল্প পত্র’, বড় চমক বেকারভাতা ও বেঙ্গল রেজিমেন্ট

বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়িয়ে আগামী সপ্তাহেই নিজেদের নির্বাচনী ইস্তেহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-কে টেক্কা দিতে মহিলাদের মাসিক ৩০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দিতে চলেছে গেরুয়া শিবির। শুধু মহিলারা নন, বেকার যুবকদের জন্যও মাসিক ৩০০০ টাকার ‘যুব সাথী’ ভাতার চমক থাকতে পারে এই ইস্তেহারে।
নিরাপত্তা ও সেনায় জোর বিজেপির এই সম্ভাব্য ইস্তেহারে সবচেয়ে বড় চমক হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীতে একটি পৃথক ‘বেঙ্গল রেজিমেন্ট’ গঠনের প্রস্তাব। পাশাপাশি রাজ্যে চারটি অগ্নিবীর নিয়োগ শিবির স্থাপনের প্রতিশ্রুতিও থাকছে। রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে ‘জিহাদমুক্ত বাংলা’ গড়ার স্লোগান নিয়ে, যা সংকল্প পত্রে জায়গা পেতে চলেছে।
শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন সিঙ্গুরে নতুন শিল্প হাব, সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত নতুন সড়কপথ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের নামে নতুন শহর গড়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। এছাড়া রাজবংশী ও কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়ে আদিবাসী ও উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে চাইছে দল। মৎস্যজীবীদের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ‘মাছ খাওয়া বন্ধ’ হওয়ার গুজবও ওড়াতে চাইছে বিজেপি।