ভোটের মুখে ডিএ নিয়ে মাস্টারস্ট্রোক মমতার? ২৮ ও ২৯ মার্চ হিসাব শাখার কর্মীদের হাজিরা বাধ্যতামূলক

রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ (DA) মেটাতে এবার কোমর বেঁধে নামল নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার লক্ষ্যে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার এক সরকারি স্মারকলিপিতে জানানো হয়েছে, বকেয়া ডিএ সংক্রান্ত কাজ সময়মতো শেষ করতে আগামী ২৮ মার্চ (শনিবার) এবং ২৯ মার্চ (রবিবার) স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের হিসাব শাখা খোলা থাকবে।

ছুটি বাতিল, দফতরে হাজিরার নির্দেশ নির্বাচন ঘোষণার ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএ মেটানোর আশ্বাস দিয়েছিলেন। সেই প্রক্রিয়া ত্বরান্বিত করতেই সপ্তাহান্তের ছুটি বাতিল করা হয়েছে। হিসাব শাখার সমস্ত আধিকারিক ও কর্মচারীকে এই দুদিন অফিসে উপস্থিত থেকে কাজ শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই এই দ্রুত নিষ্পত্তির পথে হাঁটছে রাজ্য।