“বাংলার গ্যাস বাইরে পাঠানো চলবে না!” অন্ডালে পা রেখেই কেন্দ্রকে চরম হুঁশিয়ারি মমতার

পশ্চিমবঙ্গের জ্বালানি সংকট এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর আগমন নিয়ে এবার সরাসরি কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে বিমানে অন্ডাল পৌঁছানোর পর তিনি সাফ জানিয়ে দেন, রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস কোনওভাবেই রাজ্যের বাইরে পাঠানো যাবে না।
বাংলার স্বার্থে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে, নির্বাচনের আগে প্রশাসনিক রদবদল ঘটিয়ে রাজ্যের উৎপাদিত গ্যাস অন্য রাজ্যে পাচার করা হতে পারে। তিনি বলেন, “ডিএম, পুলিশ অফিসারদের বদলে দিয়ে হলদিয়ায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো হোক, আমি তা একেবারেই চাই না।” নির্বাচনে ডিউটি করতে আসা ১০ লক্ষ জওয়ান ও কর্মীর জন্য যেন বাংলার সাধারণ মানুষের রান্নার গ্যাসের জোগানে টান না পড়ে, সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
কেরোসিন ও বিকল্প ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পরিস্থিতির মোকাবিলায় কেরোসিনের বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে যা রেশনের মাধ্যমে পাওয়া যাবে। তবে বেশিরভাগ মানুষ এখন গ্যাসে রান্না করেন, তাই সাধারণ মানুষের অসুবিধা তিনি বরদাস্ত করবেন না। প্রসঙ্গত, আবহাওয়া খারাপ থাকায় কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের সময় কিছুটা সমস্যা হলেও শেষ পর্যন্ত তিনি নির্বিঘ্নেই অন্ডাল পৌঁছান।