রং-তুলি হাতে প্রার্থীর প্রচার! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই পুলিশ কর্মীকে বরখাস্ত করলেন এসপি

ভোটের মুখে বীরভূমের বোলপুরে সরকারি কর্মীর রাজনৈতিক প্রচার ঘিরে চরম বিতর্ক। তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের হয়ে দেওয়ালে ‘জোড়াফুল’ আঁকতে গিয়ে শ্রীঘরে নয়, সোজা সাসপেনশনের মুখে পড়লেন বোলপুর থানার ভিলেজ পুলিশ বিশ্বজিৎ পাত্র। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই কড়া পদক্ষেপ নিলেন বীরভূমের জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব।
কী ঘটেছিল? বোলপুরের মুলুক স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে রং-তুলি হাতে তৃণমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিলেন বিশ্বজিৎ। ভাইরাল ছবিতে দেখা যায়, নিষ্ঠাভরে ঘাসফুল আঁকছেন তিনি। নির্বাচন বিধি ভঙ্গের দায়ে জেলা পুলিশ সুপার তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। জানানো হয়েছে, বিধানসভা নির্বাচন চলাকালীন তিনি কোনও পুলিশি কাজ করতে পারবেন না।
দিলীপ ঘোষের তোপ: এই ঘটনাকে অস্ত্র করে আসরে নেমেছেন বোলপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, “সিভিক বা ভিলেজ পুলিশদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্যাডার হিসেবেই নিয়োগ করেছেন। এদের কাজই হলো বিরোধীদের খবরাখবর তৃণমূল নেতাদের দেওয়া।” বিজেপি ক্ষমতায় এলে এই কর্মীদের নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলেও দাবি করেন তিনি।