মিশন ২০২৬: ১২ দিনের জল্পনার অবসান, ৫ এপ্রিল থেকেই বঙ্গে নির্বাচনী প্রচার শুরু করছেন মোদী!

ভোটের বাংলায় এবার সম্মুখ সমরে দুই প্রধান প্রতিপক্ষ। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন, ঠিক তখনই পালটা ঘুঁটি সাজাল বিজেপি। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরের নির্ঘণ্ট। আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকেই বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী।
উত্তরবঙ্গ থেকেই কেন শুরু? বিজেপির কাছে উত্তরবঙ্গ বরাবরই এক বিশ্বস্ত দুর্গ। ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা ভোট— প্রতিবারই উত্তরবঙ্গের মানুষ দু’হাত উজাড় করে পদ্মশিবিরকে সমর্থন জানিয়েছেন। এবারের নির্বাচন হবে মাত্র দুই দফায়— ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। প্রথম দফাতেই উত্তরবঙ্গের সব আসনে ভোটগ্রহণ। তাই শুরুতেই ‘মোদী ম্যাজিক’কে কাজে লাগিয়ে জয়ের ভিত শক্ত করতে চাইছে গেরুয়া শিবির। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি।
ব্রিগেডের পর এবার মিশন উত্তরবঙ্গ গত ১৪ মার্চ কলকাতার ব্রিগেডে বিশাল সমাবেশ করে গিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবর্তনের ডাক দিয়ে তিনি যে সুর বেঁধে দিয়েছিলেন, ১৫ মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই তার বাস্তবায়ন শুরু করেছে বঙ্গ বিজেপি। দলের একাংশ চেয়েছিলেন প্রধানমন্ত্রী রামনবমীর পুণ্যলগ্নে প্রচার শুরু করুন। যদিও শেষ পর্যন্ত কৌশলগত কারণেই ৫ এপ্রিলকে বেছে নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গকে পাখির চোখ করে মোদী কার্যত তৃণমূলের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছেন।
ভোটের লড়াইয়ে জোড়া ফলা প্রধানমন্ত্রীর সফরের আগেই আজ শুক্রবার বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করবেন বলে জানা গিয়েছে। একদিকে শাহর আক্রমণ এবং অন্যদিকে ৫ এপ্রিল মোদীর জনসভা— এই জোড়া ফলায় বিদ্ধ হতে চলেছে শাসকদল। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের চা-বলয় এবং আদিবাসী ভোটব্যাঙ্ককে ঠিক কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। ২৩ এপ্রিলের অগ্নিপরীক্ষায় পাস করতে আলিপুরদুয়ারের এই সভাই বিজেপির প্রচারের ‘পাওয়ার হাউস’ হতে চলেছে।