রামনবমীর আগেই বঙ্গে মোদী ঝড়! ৫ এপ্রিল থেকে শুরু মিশন পশ্চিমবঙ্গ, শাহর ‘চার্জশিট’ ঘিরে তোলপাড়!

বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে অনেক আগেই। ব্রিগেড সমাবেশের পর দীর্ঘ ১২ দিন কেটে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে থেকে সরাসরি নির্বাচনী প্রচার শুরু করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। বিজেপি সূত্রে খবর, আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকেই বাংলায় নিজের নির্বাচনী প্রচার অভিযান শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী।

উত্তরবঙ্গকেই কেন বেছে নিলেন মোদী? ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা ভোট— প্রতিবারই উত্তরবঙ্গ দু’হাত উজাড় করে আশীর্বাদ করেছে বিজেপিকে। গেরুয়া শিবিরের কাছে উত্তরবঙ্গ এখন সবথেকে নিরাপদ এবং শক্ত ঘাঁটি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও সেই ধারা বজায় রাখতে মরিয়া পদ্মশিবির। যেহেতু ২৩ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের সব আসনে ভোটগ্রহণ হবে, তাই প্রচারের রণকৌশল হিসেবে উত্তরবঙ্গকেই সূচনালগ্ন হিসেবে বেছে নিয়েছেন মোদী। ৫ এপ্রিল আলিপুরদুয়ারে তাঁর বিশাল জনসভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে।

শাহর ‘চার্জশিট’ ও বঙ্গ বিজেপির পরিকল্পনা প্রধানমন্ত্রীর সফরের আগেই আজ শুক্রবার বাংলায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বিশেষ ‘চার্জশিট’ বা অভিযোগপত্র প্রকাশ করবেন বলে জানা গিয়েছে। বঙ্গ বিজেপির একাংশ চেয়েছিলেন প্রধানমন্ত্রী রামনবমীর দিন থেকেই প্রচার শুরু করুন, কিন্তু দলের রণকৌশল মেনে এপ্রিলের শুরুতেই ময়দানে নামছেন তিনি। গত ১৪ মার্চ ব্রিগেডে দাঁড়িয়ে মোদী যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, ৫ এপ্রিলের সভা থেকে তিনি তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।

দুই দফার ভোট ও মোদী ম্যাজিক এবারের বাংলা বিধানসভা নির্বাচন হবে মাত্র দুই দফায়— ২৩ এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় উত্তরবঙ্গের ভাগ্য নির্ধারিত হবে। তাই মোদী ম্যাজিককে কাজে লাগিয়ে শুরুতেই লিড নিতে চাইছে বিজেপি। আলিপুরদুয়ারের সভা থেকে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের জন্য কী বার্তা দেন এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে ঠিক কতটা সুর চড়ান, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। শাহর সফর এবং মোদীর সভার এই জোড়া ফলা তৃণমূলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।