১২ বছরের অভিশাপ ঘুচতে চলেছে? বিশ্বকাপের দোরগোড়ায় ইতালি, ছিটকে গেল ইউক্রেন-আয়ারল্যান্ড!

বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিধর দেশ ইতালি কি তবে ১২ বছরের খরা কাটিয়ে ফিরছে বিশ্বমঞ্চে? ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ সালে কাতারের মূলপর্বে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ‘আজুরি’রা এবার ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট পাওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। প্লে-অফ সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্ব থেকে মাত্র এক ম্যাচ দূরে এখন গেন্নারো গাতুসোর প্রশিক্ষণাধীন ইতালি। আগামী বুধবার, ১ এপ্রিল বসনিয়ার জেনিকার স্টেডিয়ামে ‘ডু অর ডাই’ ম্যাচে বসনিয়া-হারজেগোভিনার মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচে জিতলেই নিশ্চিত হবে আমেরিকার টিকিট।
বসনিয়া বাধা ও ইতালির পরিসংখ্যান ফিফা র্যাঙ্কিংয়ে ১২ নম্বর স্থানে থাকা ইতালির সামনে এখন ৬৬ নম্বর স্থানে থাকা বসনিয়া-হারজেগোভিনা। পরিসংখ্যান বলছে, দুই দল এখনও পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ইতালি জিতেছে ৪ বার। তবে বিপক্ষ বসনিয়াকেও খাটো করে দেখার উপায় নেই। তারা সেমিফাইনালে ওয়েলসকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে। বিশেষ করে ঘরের মাঠে খেলা হওয়ায় বসনিয়া ইতালিকে কড়া টক্কর দিতে পারে।
ছিটকে গেল ইউরোপের শক্তিশালী দেশগুলো বিশ্বকাপের পরিধি ৩২ থেকে বাড়িয়ে ৪৮ দল করা হলেও ইউরোপীয় অঞ্চলের লড়াই ছিল অত্যন্ত কঠিন। গত কয়েক ঘণ্টার মধ্যে বিশ্বকাপের মূলপর্বে ওঠার স্বপ্ন ভঙ্গ হয়েছে ইউক্রেন, ওয়েলস, রোমানিয়া, স্লোভাকিয়া এবং আয়ারল্যান্ডের মতো দলগুলোর। বিশেষ করে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বের আরও কাছে পৌঁছে গিয়েছে সুইডেন। আগামী ৩১ মার্চ সুইডেন বনাম পোল্যান্ড ম্যাচের জয়ী দলটিও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এছাড়াও চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক ম্যাচের দিকেও নজর থাকবে ফুটবল বিশ্বের।
ইউরোপের ১৬ প্রতিনিধি ও বিশ্বকাপের প্রেক্ষাপট ২০২৬ সালের ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর। ইউরোপ থেকে মোট ১৬টি দেশ এই ৪৮ দলের মহাযুদ্ধে অংশ নেবে। ইতিমধ্য়েই ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, জার্মানি এবং নেদারল্যান্ডসের মতো ১২টি দেশ সরাসরি মূলপর্বে জায়গা করে নিয়েছে। বাকি চারটি স্থানের জন্য প্লে-অফের লড়াই এখন তুঙ্গে। গাতুসোর কোচিংয়ে ইতালি কি পারবে ১ এপ্রিল বসনিয়া বধ করে তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে? উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব।