“ক্ষমতায় ফিরলে মুসলিমদেরও ছাড়বেন না মমতা!” খড়গপুরে দাঁড়িয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ!

ভোটের উত্তাপে সরগরম বাংলা, আর তার মধ্যেই ফের একবার বিস্ফোরক মেজাজে ধরা দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে তিনি দাবি করলেন, মুসলিম সম্প্রদায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যা করছেন তা কেবল ‘ট্রেলার’। রাজ্য়ে আবার ক্ষমতায় ফিরলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি।
মমতার বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ খড়গপুরে রামনবমী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী রাজ্যে চরম বিভেদের রাজনীতি করছেন। তিনি একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন।” দিলীপের অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন, যার ফলশ্রুতিতে শান্তি বিঘ্নিত হচ্ছে। তিনি আরও যোগ করেন, “মুসলিমদের নিয়ে তিনি এখন কেবল নাটক করছেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি তাঁদেরও বিপদে ফেলতে পিছপা হবেন না।”
আক্রমণের নিশানায় তৃণমূলের রণকৌশল দিলীপ ঘোষের দাবি, তৃণমূল কংগ্রেস একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্ষেপিয়ে তুলে বিজেপির ওপর আক্রমণ করার ছক কষছে। রামনবমীর শোভাযাত্রা ঘিরে যাতে উত্তেজনা ছড়ায়, তার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে বলেও তিনি মনে করেন। মেদিনীপুরের এই দাপুটে নেতার কথায়, “মানুষ সব বুঝছে। বিভেদ সৃষ্টি করে ভোট জেতার দিন শেষ হয়ে আসছে।” রামনবমীর প্রাক্কালে দিলীপ ঘোষের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আসন্ন নির্বাচনে খড়গপুর তথা বাংলায় এই ‘মেরুকরণ’-এর রাজনীতি কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।