১০০০ কোটির ‘বারাণসী’! মহেশ বাবু ও রাজামৌলির রামায়নী মহাকাব্যের প্রথম ঝলকেই তোলপাড় নেটপাড়া

ভারতীয় সিনেমার ইতিহাসে ফের এক মাইলফলক তৈরি করতে চলেছেন ‘বাহুবলী’ ও ‘RRR’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলি। রামনবমীর শুভক্ষণে প্রকাশ্যে এল তাঁর আগামী মেগা প্রজেক্ট ‘বারাণসী’-র প্রথম ঝলক। সুপারস্টার মহেশ বাবু এবং রাজামৌলির এই প্রথম যুগলবন্দি নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। ১০০০ কোটি টাকারও বেশি বাজেটের এই সিনেমাটি ভারতের এযাবৎকালের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে।
মহেশ বাবুর রুদ্র অবতার ও রামায়নী যোগ সিনেমাটির টিজারে মহেশ বাবুকে এক অনন্য লুকে দেখা গিয়েছে। জানা গিয়েছে, তিনি ‘রুদ্র’ নামে এক শিব ভক্তের চরিত্রে অভিনয় করছেন, তবে গল্পের গভীরে রয়েছে রামায়ণের এক মহাকাব্যিক সংযোগ। ভগবান রামের ভূমিকায় মহেশ বাবুর উপস্থিতি অনুরাগীদের মধ্যে রীতিমতো শিহরণ জাগিয়েছে। ছবির অন্যতম আকর্ষণ হলো ২৫ মিনিটের একটি দীর্ঘ রামায়ণ পর্ব, যা শুট করতে রাজামৌলির সময় লেগেছে টানা ৬০ দিন।
প্রিয়াঙ্কা-পৃথ্বীরাজ ও তারকখচিত কাস্টিং এই ছবিতে মহেশ বাবুর বিপরীতে ‘মন্দাকিনী’র চরিত্রে অভিনয় করছেন গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। অন্যদিকে, খলনায়কের (কুম্ভ) চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার পৃথ্বীরাজ সুকুমারনকে। অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং পৌরাণিক কাহিনীর এক অভূতপূর্ব মিশেল এই ছবিতে দেখতে পাবেন দর্শকরা।
অ্যান্টার্কটিকা থেকে বারাণসী: রাজামৌলির বিশ্বভ্রমণ রাজামৌলি তাঁর এই নতুন সৃষ্টিকে বিশ্বজনীন রূপ দিতে চলেছেন। বারাণসীর পবিত্র গলি ও ঘাট থেকে শুরু করে অ্যান্টার্কটিকার বরফে ঢাকা উপত্যকা পর্যন্ত এই সিনেমার শুটিং স্পট হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দিতে পুরো সিনেমাটি শুট করা হচ্ছে আইম্যাক্স (IMAX) ফরম্যাটে।
একই পার্টে শেষ হবে গল্প অনেকেই ভেবেছিলেন ‘বাহুবলী’র মতো এই ছবিও দুটি ভাগে মুক্তি পাবে। কিন্তু সমস্ত জল্পনায় জল ঢেলে রাজামৌলি জানিয়েছেন, ‘বারাণসী’ কোনো ফ্র্যাঞ্চাইজি নয়, বরং এটি একটি একক সিনেমা। প্রায় ৩ ঘণ্টার এই বিশাল ক্যানভাসের ছবিটির কোনও সিক্যুয়েল আসবে না। সব ঠিক থাকলে আগামী ২০২৭ সালের ৭ এপ্রিল, শ্রী রাম নবমী উপলক্ষে প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত সিনেমা।