যোগীর মাস্টারস্ট্রোক! তফশিলি পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে ৬টি হাই-টেক হোস্টেল, খরচ হবে কোটি কোটি টাকা

উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে আরও একধাপ এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের তফশিলি জাতি (SC)ভুক্ত পড়ুয়াদের জন্য ৬টি অত্যাধুনিক হোস্টেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে যোগী সরকার। প্রধানমন্ত্রী তফশিলি জাতি অভ্যুদয় যোজনা (PM-AJAY)-র আওতায় এই প্রকল্পের জন্য মোট ১২.৩০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তির ৬.১৫ কোটি টাকা ইতিমধ্যেই সমাজকল্যাণ দপ্তরের হাতে পৌঁছে গিয়েছে।
কোথায় কোথায় তৈরি হবে এই হোস্টেল? সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, জৌনপুর, সুলতানপুর এবং হাথরসে একটি করে নতুন হোস্টেল তৈরি করা হবে। এছাড়া ফিরোজাবাদ জেলায় তৈরি হবে তিনটি হোস্টেল। এই হোস্টেলগুলি কেবল থাকার জায়গা নয়, বরং একেকটি ‘লার্নিং হাব’ হিসেবে গড়ে তোলা হবে। প্রত্যন্ত এলাকার মেধাবী পড়ুয়ারা যাতে শহরের মতো সুযোগ-সুবিধা পায়, সেটাই যোগী সরকারের মূল লক্ষ্য।
কী কী সুবিধা থাকবে এই হোস্টেলে? আধুনিক এই হোস্টেলগুলিতে থাকবে সাজানো-গোছানো ঘর, হাই-টেক লাইব্রেরি, আধুনিক মেস এবং বিনোদনের জন্য বিশেষ কমন রুম। এছাড়া নিরাপত্তার জন্য চব্বিশ ঘণ্টা গার্ড এবং হোস্টেল সুপারের থাকার আলাদা ব্যবস্থা থাকবে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অসীম অরুণ জানিয়েছেন, নির্মাণ কাজে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ ডিজিটাল অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ খরচ করা হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গুণমান বজায় রেখে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ রাজ্যে সামাজিক সমতা ও শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা নেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।