ভোটের আগে তিলোত্তমায় ‘লোহার খাঁচা’! প্রতি বিধানসভায় ৯টি নাকা চেকপোস্ট, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতাকে। শহরজুড়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবার বেনজির পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। লালবাজার সূত্রে খবর, কলকাতার প্রতিটি বিধানসভা কেন্দ্রে নাকা চেকপোস্টের সংখ্যা এক ধাক্কায় তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে প্রতি কেন্দ্রে ৩টি করে চেকপোস্ট থাকত, এবার তা বাড়িয়ে করা হয়েছে ৯টি। মূলত বেআইনি নগদ অর্থ, অস্ত্র এবং মদের কারবার রুখতেই এই কড়া ব্যবস্থা।

নজরদারিতে স্পেশাল টিম ও ম্যাজিস্ট্রেট প্রতিটি নাকা চেকপোস্ট পরিচালনার জন্য একটি বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে। এই দলের নেতৃত্বে থাকবেন একজন করে ম্যাজিস্ট্রেট। এছাড়াও দলে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর অন্তত চারজন জওয়ান, কলকাতা পুলিশের একজন সহকারী আধিকারিক এবং দুজন কনস্টেবল। লালবাজার জানিয়েছে, তল্লাশির পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে যাতে স্বচ্ছতা বজায় থাকে। ব্যস্ত রাস্তা এবং শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে এই নজরদারি চালানো হবে।

দিনরাত চলবে তল্লাশি ইতিমধ্যেই শহরের বিভিন্ন থানা এলাকায় এই দলগুলো কাজ শুরু করে দিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও কেন্দ্রীয় বাহিনী শহরে পৌঁছালে এই তল্লাশি ২৪ ঘণ্টা অর্থাৎ দিনরাত চালানো হবে। প্রতিদিনের তল্লাশির রিপোর্ট সরাসরি নির্বাচনী আধিকারিকদের কাছে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো শহরে কোনোভাবেই যাতে অশান্তি না ঘটে। নির্বাচনী খরচ এবং বেআইনি কার্যকলাপের ওপর কড়া নজর রাখতেই এই নিশ্ছিদ্র নিরাপত্তা।”