ভিডিও কলে আর মন ভরবে না! এবার চিনের ‘কিসিং মেশিন’ দিয়ে দূর থেকেই প্রিয়জনকে পাঠান আসল চুমু

লং ডিসট্যান্স রিলেশনশিপ বা দূরত্বের সম্পর্কের সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা হলো প্রিয়জনের সান্নিধ্য বা স্পর্শের অভাব। ঘণ্টার পর ঘণ্টা ভিডিও কলে কথা হলেও একে অপরকে ছুঁতে না পারার আক্ষেপ থেকেই যায়। তবে প্রযুক্তির হাত ধরে এবার সেই বিরহ ঘুচতে চলেছে। চিনের এক স্টার্টআপ সংস্থা ‘Siweifushe’ বাজারে এনেছে এক অদ্ভুত ডিভাইস, যার নাম ‘MUA’। এই যন্ত্রের মাধ্যমে হাজার মাইল দূরে থাকা দুই প্রেমিক-প্রেমিকা একে অপরকে সরাসরি ‘চুমু’ পাঠাতে পারবেন।
এই যন্ত্রটি মূলত স্মার্টফোনের চার্জিং পোর্টের সঙ্গে যুক্ত করতে হয়। এর প্রধান আকর্ষণ হলো সামনের অংশে থাকা নরম সিলিকন দিয়ে তৈরি একজোড়া কৃত্রিম ঠোঁট। যখন একজন ব্যবহারকারী এই সিলিকন ঠোঁটে চুম্বন করেন, তখন ভেতরে থাকা বিশেষ সেন্সরগুলো সেই চুমুর চাপ, গতিবিধি এবং তীব্রতা নিখুঁতভাবে রেকর্ড করে নেয়। ব্লুটুথ ও অ্যাপের মাধ্যমে সেই তথ্য মুহূর্তেই পৌঁছে যায় অন্য প্রান্তে থাকা সঙ্গীর ডিভাইসে। ফলে সঙ্গী যখন নিজের ডিভাইসের সিলিকন ঠোঁটে স্পর্শ করেন, তখন তিনি ঠিক আগের ব্যক্তির দেওয়া চুমুর চাপ এবং উষ্ণ অনুভুতিটিই ফিরে পান।
এই অভিনব উদ্ভাবনের নেপথ্যে রয়েছে বেইজিং ফিল্ম অ্যাকাডেমির ছাত্র ঝাও জিয়ানবোর এক ব্যক্তিগত বিরহের গল্প। করোনা লকডাউনের সময় প্রেমিকার সঙ্গে দেখা করতে না পেরে তিনি এমন কিছু তৈরির কথা ভাবেন, যা স্পর্শের অনুভূতি বয়ে আনবে। বাজারে আসার মাত্র দুই সপ্তাহের মধ্যেই ৩ হাজারেরও বেশি মানুষ এটি কিনে নিয়েছেন। চিনের বাজারে এই যন্ত্রটির দাম রাখা হয়েছে প্রায় ২৬ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ২,২০০ টাকা)। সোশ্যাল মিডিয়ায় এই প্রযুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, বিরহী প্রেমিক-প্রেমিকাদের কাছে এটি এখন সবথেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু।