এসবিআই ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত! ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে রিওয়ার্ড পয়েন্টের নিয়ম

নতুন অর্থবর্ষের শুরুতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য একগুচ্ছ বড় পরিবর্তনের ঘোষণা করেছে। আগামী ১ এপ্রিল থেকে রিওয়ার্ড পয়েন্ট রিডেম্পশন বা জমানো পয়েন্ট ব্যবহারের নীতিতে আমূল বদল আসতে চলেছে। এর ফলে গ্রাহকরা তাদের জমা হওয়া রিওয়ার্ড পয়েন্ট যেভাবে স্টেটমেন্ট ক্রেডিটে রূপান্তর করতেন, তা সরাসরি প্রভাবিত হবে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি হলো মাসিক রিডেম্পশন সীমা। নতুন নিয়ম অনুযায়ী, অধিকাংশ এসবিআই কার্ড ব্যবহারকারী এক মাসে সর্বোচ্চ ৬০,০০০ রিওয়ার্ড পয়েন্ট পর্যন্তই স্টেটমেন্ট ক্রেডিট হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, আপনার অ্যাকাউন্টে যদি ৭৫,০০০ বা ১ লক্ষ পয়েন্টও জমে থাকে, আপনি একবারে সবটা রিডিম করতে পারবেন না। সেক্ষেত্রে মাসে ৬০,০০০ পয়েন্ট ব্যবহারের পর বাকিটা পরবর্তী মাসের জন্য অপেক্ষা করতে হবে। তবে স্বস্তির খবর হলো, প্রিমিয়াম কার্ড গ্রাহকদের জন্য এই নির্দিষ্ট মাসিক ক্যাপ বা সীমা কার্যকর হবে না।
রিডেম্পশন স্ট্রাকচারেও এসেছে বড়সড় কড়াকড়ি। ১ এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু কার্ডের ক্ষেত্রে পয়েন্ট শুধুমাত্র ৪,০০০-এর গুণিতকে (যেমন- ৪০০০, ৮০০০, ১২০০০) রিডিম করা যাবে। এর ফলে ৩,৫০০ বা ৫,৫০০-এর মতো অসম্পূর্ণ সংখ্যায় আর পয়েন্ট ভাঙানো সম্ভব হবে না। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের এখন অনেক বেশি পরিকল্পনা করে রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসবিআই তাদের প্রিমিয়াম কার্ডের বিশেষ সুবিধাগুলোকে সাধারণ কার্ডের থেকে আলাদা করতেই এই পদক্ষেপ নিয়েছে। পয়েন্ট রিডিম করার জন্য গ্রাহকদের এসবিআই কার্ড মোবাইল অ্যাপে লগ-ইন করে ‘রিওয়ার্ডস’ সেকশনে গিয়ে পছন্দের সুবিধা বেছে নিয়ে চেকআউট করতে হবে।