সাবধান! ইচ্ছে করলেই আর বুক করা যাবে না গ্যাস, কতদিন অপেক্ষা করতে হবে আপনাকে?

বর্তমান সময়ে দাঁড়িয়ে রান্নার গ্যাসের সঠিক ব্যবহার এবং বণ্টন ব্যবস্থা বজায় রাখতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটছে ডিলার মহল। মধ্যবিত্তের হেঁশেলের অন্যতম প্রধান জ্বালানি এলপিজি (LPG) সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় নিয়ম পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এবার থেকে আপনার বাড়িতে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার ডেলিভারি হওয়ার পর, চাইলেই নির্দিষ্ট সময়ের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না।

ডিলারদের তরফ থেকে পাওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শহর এবং গ্রাম—উভয় অঞ্চলেই ১৪.২ কেজির সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধি নিষেধ আরোপ করা হয়েছে। যাদের বাড়িতে দু’টি সিলিন্ডার বা ‘ডবল কানেকশন’ রয়েছে, তাদের জন্য এই পরিবর্তন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আগে সাধারণত ২৫ দিন অন্তর সিলিন্ডার বুকিংয়ের সুযোগ থাকলেও, ডাবল কানেকশন গ্রাহকদের জন্য সেই সময়সীমা বাড়িয়ে এখন ৩৫ দিন করার দাবি জানানো হচ্ছে। অর্থাৎ, একটি গ্যাস সিলিন্ডার ডেলিভারি হওয়ার অন্তত ৩৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডারটির জন্য আপনি বুকিং করতে পারবেন।

তবে সিঙ্গল সিলিন্ডার বা একটি কানেকশন থাকা গ্রাহকদের জন্য নিয়মে বিশেষ হেরফের হয়নি। তাদের ক্ষেত্রে আগের মতোই ২৫ দিন পর বুকিংয়ের সুযোগ বহাল থাকছে। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে ডিলার স্তরে এই নীতি কার্যকরের বিষয় নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।

পাশাপাশি, ৫ কেজি এবং ১০ কেজির ছোট সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য আলাদা নিয়ম নির্ধারণ করা হয়েছে। যারা ৫ কেজির সিঙ্গল সিলিন্ডার ব্যবহার করেন, তারা আগের সিলিন্ডার ডেলিভারির ৯ দিন পর ফের বুকিং করতে পারবেন। যাদের ৫ কেজির ডাবল কানেকশন রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময়সীমা ১২ দিন। বিশেষ করে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র (PMUY) অন্তর্ভুক্ত গ্রাহকরা ৫ কেজির সিলিন্ডার বুকিং করতে পারবেন ডেলিভারির ১৬ দিন পর। অন্যদিকে, যারা ১০ কেজির কম্পোজিট বা সাধারণ সিলিন্ডার ব্যবহার করেন, তাদের পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য ২৫ দিন অপেক্ষা করতে হবে। মূলত কালোবাজারি রুখতে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে সময়মতো গ্যাস পৌঁছে দিতেই ডিলারদের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।