‘রামনবমীতে দাঙ্গা হলে দায়ী কমিশন ও বিজেপি!’ দুবরাজপুর থেকে বিস্ফোরক মমতা, তুঙ্গে সংঘাত

নির্বাচনী আবহে রামনবমীকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরে দলীয় প্রার্থী নরেশচন্দ্র বাউড়ির সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি সরাসরি তোপ দাগলেন বিজেপি এবং নির্বাচন কমিশনকে। মমতার সাফ কথা, “রাজ্যে রামনবমীকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সম্পূর্ণভাবে বিজেপি এবং কমিশনের।”

কমিশন ও বিজেপিকে নিশানা বর্তমানে রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু থাকায় প্রশাসনের রাশ কমিশনের হাতে। সেই প্রসঙ্গ টেনেই মমতা বলেন, “আমার এখন কোনো ক্ষমতা নেই। রামনবমীতে আমি কোনো কর্মসূচি রাখিনি, তাই আমাকে দোষ দিতে পারবেন না। কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় ভ্যানিশ ‘ওয়াশিং মেশিন’ বিজেপির।” পাশাপাশি SIR (Social Impact Report) ইস্যু নিয়ে কমিশনকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন, কেন তালিকার নাম গোপন রাখা হচ্ছে? প্রয়োজনে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দেন তিনি।

বীরভূমের অন্দরে সমীকরণ বদল? এদিনের সভায় নজর কেড়েছে মঞ্চের উপস্থিতি। জেল ফেরত অনুব্রত মণ্ডলকে (কেষ্ট) পাশে নিয়ে সভা পরিচালনা করলেও, সেখানে দেখা যায়নি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাঁসন কেন্দ্রের প্রার্থী কাজল শেখকে। গত রবিবারের কোর কমিটির বৈঠকেও তিনি গরহাজির ছিলেন। যদিও কাজলের অনুগামীদের দাবি, তিনি নিজের কেন্দ্রের প্রচারে ব্যস্ত, তবে রাজনৈতিক মহলে অনুব্রত বনাম কাজলের ঠাণ্ডা লড়াই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করে মমতা বলেন, “নোটবন্দি থেকে আধার—সবই শুধু লাইনে দাঁড় করানোর ফন্দি। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? এবার বিজেপিকে বেলাইন করার সময় এসেছে।”