মুকুল-পুত্রের বাড়িতে পদ্ম-প্রার্থী! ভোটের মুখে শুভ্রাংশুর ‘আশীর্বাদ’ কি নতুন সমীকরণের ইঙ্গিত?

তৃণমূলের অন্দরে টিকিট না পাওয়ার অভিমান, নাকি নিছকই সৌজন্য? ভোটের মুখে প্রয়াত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের আকস্মিক উপস্থিতি ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার বিকেলে কাঁচরাপাড়ার রায় ভবনে দুই নেতার এই রুদ্ধদ্বার সাক্ষাৎ বীজপুর বিধানসভার রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আশীর্বাদ ও একান্ত আলাপন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস এদিন শুভ্রাংশুর সঙ্গে দেখা করে তাঁর ‘আশীর্বাদ’ প্রার্থনা করেন। সাক্ষাৎ শেষে শুভ্রাংশু রায়ও অকপটে স্বীকার করেন যে, তিনি সুদীপ্তকে নির্বাচনে ভালো ফলের জন্য আশীর্বাদ করেছেন। যদিও বিষয়টিকে ‘ব্যক্তিগত সৌজন্য’ বলে দাবি করেছেন দুজনেই। সুদীপ্ত দাসের কথায়, “মুকুল কাকুর মৃত্যুর সময় আইনি জটিলতায় আসতে পারিনি, তাই আজ শ্রদ্ধা জানাতে এলাম। শুভ্রাংশুর সঙ্গে পুরনো রাজনৈতিক সম্পর্ক আছে, এর মধ্যে রাজনীতি খোঁজা ঠিক নয়।”

তৃণমূলের অস্বস্তি ও শুভ্রাংশুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুকুল রায়ের শেষকৃত্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় উপস্থিতি দেখে অনেকেই ভেবেছিলেন শুভ্রাংশু এবার বীজপুর থেকে তৃণমূলের টিকিট পাবেন। কিন্তু দল আস্থা রেখেছে সুবোধ অধিকারীর ওপর। টিকিট না পেয়েও শুভ্রাংশু দলের হয়ে কাজ করার কথা বললেও, এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে তাঁর বৈঠক তৃণমূল শিবিরে অস্বস্তি বাড়িয়েছে। জল্পনা উসকে শুভ্রাংশু বলেন, “যারা বলছে আমি অন্য দলে যাব, তাদের ওসব নিয়ে থাকতে দিন। তবে যাওয়ার হলে তো অনেক জায়গা খোলা আছে!” এই মন্তব্যেই লুকিয়ে রয়েছে গভীর রাজনৈতিক ইঙ্গিত। রাজনৈতিক মহলের প্রশ্ন, তবে কি তলে তলে বীজপুরে পদ্ম-ঘাসফুল মৈত্রীর কোনো নতুন চিত্রনাট্য লেখা হচ্ছে?