ট্রাম্পের চালে কেল্লাফতে! মধ্যপ্রাচ্যে শান্তির সংকেতেই রকেট গতিতে ছুটছে দালাল স্ট্রিট

বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়ে বুধবার কার্যত আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল ভারতের শেয়ার বাজার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা প্রশমনের ইঙ্গিত এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় পতন—এই জোড়া ফলায় ভর করেই টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী দালাল স্ট্রিট। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স ও নিফটি, দুই সূচকই প্রায় ২ শতাংশের কাছাকাছি লাফ দিয়েছে।
বুধবার লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই বিএসই সেনসেক্স (Sensex) ১,৪১৯.৫৮ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৭৫,৪৮৮.০৩-এর ঘরে। অন্যদিকে, এনএসই নিফটি (Nifty) ৪৫২.১০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩,৩৬৪.৫০-এ থিতু হয়। বাজার বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির খবর বিনিয়োগকারীদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। ১৫ দফার একটি প্রস্তাব নিয়ে আলোচনার খবর আসতেই বিশ্বজুড়ে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।
এই উত্থানের পিছনে তেলের দামের ভূমিকা অনস্বীকার্য। ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ১০০ ডলারের নীচে নেমে আসায় ভারতের মতো আমদানিনির্ভর দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়েছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, রিয়েলটি, মেটাল এবং মিডিয়া সেক্টরে কেনাকাটার ধুম পড়েছে। সেনসেক্সের হেভিওয়েট শেয়ার যেমন ট্রেন্ট, আল্ট্রাটেক সিমেন্ট, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আদানি পোর্টস উল্লেখযোগ্য মুনাফা করেছে। তবে আইটি সেক্টর কিছুটা ঝিমিয়ে থাকায় টিসিএস বা ইনফোসিসের মতো শেয়ারে সামান্য পতন লক্ষ্য করা গেছে।
যদিও বাজারের এই রমরমা পরিস্থিতিতেও বিশেষজ্ঞদের গলায় সতর্কতার সুর। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) গত ১৮ দিন ধরে সমানে শেয়ার বিক্রি করে চলেছেন, যা বাজারের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য কিছুটা উদ্বেগের। তবে আপাতত তেলের সস্তা দর আর যুদ্ধের মেঘ কাটার খবরেই বাজিমাত করছে ভারতীয় বাজার।