তামাকের নেশাই কাল! বন্দে ভারতের ধাক্কায় মাথা উড়ে গেল যুবকের, মর্মান্তিক মৃত্যু বিহারে!

রেললাইনের ধারে অসাবধানতা যে কতটা ভয়ংকর হতে পারে, তার আরও এক মর্মান্তিক প্রমাণ মিলল বিহারের বারহ রেল স্টেশনে। মাত্র এক চিমটি তামাকের নেশা আর সামান্য অসাবধানতায় প্রাণ হারালেন এক যুবক। ট্রেনের ট্র্যাকের ধারে তামাকের থুতু ফেলতে গিয়ে দ্রুতগতির পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সরাসরি ধাক্কায় মৃত্যু হল তাঁর। মঙ্গলবার সকালে এই ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ পূর্ব মধ্য রেলের দানাপুর ডিভিশনের অন্তর্গত বারহ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন ওই যুবক। তিনি তামাক চিবোচ্ছিলেন। মুখ পরিষ্কার করার জন্য বা থুতু ফেলার জন্য তিনি প্ল্যাটফর্মের একদম ধার ঘেঁষে দাঁড়ান। ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতিতে স্টেশনে ঢুকছিল পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। যুবকটি যখন লাইনের দিকে ঝুঁকে থুতু ফেলতে যান, তখনই ট্রেনের সামনের অংশ সজোরে তাঁর মাথায় ধাক্কা মারে।

ধাক্কার চোটে যুবকটি ছিটকে প্ল্যাটফর্মের ওপর আছড়ে পড়েন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে থাকা রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং জিআরপি কর্মীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত বারহ সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও, পরে রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানায় যে, এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা এবং যুবকের অসাবধানতাই এর প্রধান কারণ।

দানাপুর আরপিএফ কমান্ড্যান্ট উদয় সিং পাওয়ার জানিয়েছেন, বন্দে ভারতের মতো হাই-স্পিড ট্রেনের ক্ষেত্রে প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বখতিয়ারপুর আরপিএফ ইন্সপেক্টর জওহর লাল জানান, ঘটনার পর একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর রেলের তরফে যাত্রীদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে। ট্রেন চলাচলের সময় প্ল্যাটফর্মের হলুদ দাগের বাইরে বা ট্র্যাকের একদম ধারে না দাঁড়ানোর জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। সামান্য একটু তামাক ফেলার খেসারত যে নিজের জীবন দিয়ে দিতে হবে, তা কল্পনাও করতে পারেননি ওই যুবক।