গ্যাস বুকিংয়ে বড় বদল! ২৫ দিন নয়, এখন দ্বিতীয় সিলিন্ডার পেতে গুনতে হবে ৩৫ দিন? জানুন নতুন নিয়ম

রান্নার গ্যাসের (LPG) জোগান নিয়ে দেশজুড়ে চলা ডামাডোলের মাঝেই এবার সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা নিয়ে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। এতদিন সাধারণত একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর দ্বিতীয়টি বুক করা যেত। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং ডিলারদের দাবি অনুযায়ী, গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এই ব্যবধান বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে।
যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে ডিস্ট্রিবিউটর বা ডিলাররা নতুন এই নিয়ম কার্যকর করার কথা জানাচ্ছেন। বিশেষ করে যাঁদের বাড়িতে দুটি সিলিন্ডারের সংযোগ বা ‘ডবল কানেকশন’ রয়েছে, তাঁদের ওপরই এই নিয়মের কোপ পড়তে চলেছে সবথেকে বেশি।
এক নজরে গ্যাস বুকিংয়ের নতুন সময়সীমা:
১. ১৪.২ কেজি সিলিন্ডার (ডবল কানেকশন): একটি সিলিন্ডার ডেলিভারি হওয়ার পর দ্বিতীয়টি বুক করার জন্য এখন অন্তত ৩৫ দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। ২. ১৪.২ কেজি সিলিন্ডার (সিঙ্গল কানেকশন): যাদের একটিই সিলিন্ডার, তাদের ক্ষেত্রে নিয়ম খুব একটা বদলায়নি। একটি সিলিন্ডার পাওয়ার ২৫ দিন পর তাঁরা পরবর্তী বুকিং করতে পারবেন। ৩. ৫ কেজি সিলিন্ডার: শহরাঞ্চলে ৫ কেজির সিঙ্গল সিলিন্ডারের ক্ষেত্রে ৯ দিন এবং ডবল সিলিন্ডারের ক্ষেত্রে ১২ দিন ব্যবধান রাখতে হবে। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে এই সময়সীমা ১৬ দিন। ৪. ১০ কেজি সিলিন্ডার: ছোট সাইজের ১০ কেজি এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে একবার ডেলিভারি পাওয়ার ২৫ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে।
কেন এই পরিবর্তন? ডিলারদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং সরবরাহে টান থাকার কারণেই সিলিন্ডার বিতরণে এই নিয়ন্ত্রণ আনা হচ্ছে। মূলত কালোবাজারি রুখতে এবং প্রতিটি গ্রাহকের কাছে সমানভাবে গ্যাস পৌঁছে দিতেই এই ব্যবধান বাড়ানো হয়েছে।
এই নতুন নিয়মের ফলে স্বাভাবিকভাবেই চাপে পড়বেন বড় পরিবারগুলি, যেখানে মাসের মাঝপথেই গ্যাস শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে সরকারের পক্ষ থেকে পরবর্তী কোনও স্পষ্টীকরণ আসে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।