ভোটের আবহে পরিযায়ী শ্রমিকদের কান্না! ‘এবং কয়েকজন’-এর নতুন মিউজিক ভিডিওতে প্রতিবাদের সুর

২০২৬ বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহে এবার প্রতিবাদের সুর ফুটল গানে। কোভিড এবং লকডাউনের সেই যন্ত্রণাময় স্মৃতি, মাইলের পর মাইল পায়ে হেঁটে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের হাহাকারকে লেন্সবন্দি করে নতুন গান নিয়ে এলেন বাম নেতা সৃজন ভট্টাচার্য ও সংগীতশিল্পী আরাত্রিকা সিনহা। প্রখ্যাত ইংরেজি গান ‘Five Hundred Miles’-এর অনুপ্রেরণায় তৈরি এই ‘পাঁচশো মাইলের গান’ বুধবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল।
গানের প্রেক্ষাপট: সৃজন ভট্টাচার্যের ভাবনায় তৈরি এই গানে শুধু অতীতের লকডাউন নয়, উঠে এসেছে বর্তমানের জ্বলন্ত সমস্যাগুলোও। রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম থেকে শুরু করে নাগরিকত্ব প্রমাণের লাইনে দাঁড়ানো— শ্রমজীবী মানুষের নিত্যদিনের লড়াইকে তুলে ধরা হয়েছে মিউজিক ভিডিওটিতে। সৃজনের কথায়, “কোভিড চলে গিয়েছে ঠিকই, কিন্তু সরকারের জনবিরোধী নীতির কারণে আজও মানুষকে লাইনে দাঁড়িয়ে হেনস্তা হতে হচ্ছে। সেই লড়াইয়ের কথাই বলবে এই গান।”
দলীয় প্রচার না কি সামাজিক দায়বদ্ধতা? ব্যান্ড ‘এবং কয়েকজন’-এর সদস্যরা স্পষ্ট জানিয়েছেন, এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারের মঞ্চ নয়। তবে লকডাউনের সময় সরকারের যে নীতিগুলি সাধারণ মানুষের হয়রানি বাড়িয়েছিল, তার বিরুদ্ধে তাঁদের নৈতিক অবস্থান স্পষ্ট। শিল্পী আরাত্রিকা সিনহা জানিয়েছেন, এই গানটি তৈরির পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যর চেয়েও বড় ছিল পরিযায়ী শ্রমিকদের প্রতি সংবেদনশীলতা।