আইটি সেক্টরে ধামাকা! ২-৪ বছরের অভিজ্ঞতা থাকলেই টিসিএসে চাকরি, মিলবে ৯ লক্ষের প্যাকেজ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর দাপটে যখন আইটি সেক্টরে ছাঁটাইয়ের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে, ঠিক তখনই আশার আলো দেখাল দেশের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)। অভিজ্ঞ পেশাদারদের জন্য ‘ল্যাটারাল হায়ারিন’-এর (Lateral Hiring) ঘোষণা করেছে এই সংস্থা। মূলত ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রযুক্তিবিদদের কথা মাথায় রেখেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

বেতন ও আকর্ষণীয় বোনাস: টিসিএস জানিয়েছে, যোগ্য প্রার্থীরা বছরে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বেতন বা প্যাকেজ পেতে পারেন। শুধু তাই নয়, দ্রুত কাজে যোগ দিলে থাকছে প্রায় ৫০ হাজার টাকার আকর্ষণীয় ‘জয়নিং বোনাস’। সূত্রের খবর, নিয়োগপত্র পাওয়ার ৩০ দিনের মধ্যে যারা সংস্থায় যোগ দেবেন, তারাই মূলত এই বোনাসের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। কিছু ক্ষেত্রে এই সময়সীমা ১২০ দিন পর্যন্ত হতে পারে।

কোন কোন দক্ষতায় মিলবে অগ্রাধিকার? সংস্থার ‘AI-First’ কৌশলের অংশ হিসেবে এই নিয়োগ করা হচ্ছে। বিশেষ করে জাভা (Java), পাইথন (Python), .NET, ReactJS, Node.js, SQL এবং বিভিন্ন ক্লাউড প্রযুক্তিতে (Cloud Technology) দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ডিজিটাল প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং সাইবার সিকিউরিটির মতো ক্ষেত্রেও কর্মী নেওয়া হচ্ছে।

নিয়োগ পদ্ধতি: পুরো প্রক্রিয়াটি সারা দেশ জুড়েই চলবে। আবেদনকারীদের সাধারণত অনলাইন পরীক্ষা, টেকনিক্যাল ইন্টারভিউ এবং সরাসরি আলোচনার (HR Round) মাধ্যমে নির্বাচন করা হবে। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে টিসিএস। বিশেষজ্ঞদের মতে, মাঝারি অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ কর্মীদের চাহিদা বাড়ায় ইনফোসিসের পর এবার বড় পদক্ষেপ নিল টাটা গোষ্ঠী।