ভবানীপুরে রামনবমীর হুঙ্কার শুভেন্দুর! ‘রামরাজ্য চাই, হিন্দু বিরোধীদের বিনাশ হোক’, ভোটের মুখে চড়ল পারদ

২০২৬ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে রামনবমী। আর এই ধর্মীয় উৎসবকেই প্রচারের হাতিয়ার করে ভবানীপুরের নির্বাচনী ময়দানে ঝড় তুললেন বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার যদুবাবু বাজার থেকে হাজরা মোড় পর্যন্ত এক বিশাল শোভাযাত্রায় পা মেলান তিনি। সেখান থেকেই ‘রামরাজ্য’ প্রতিষ্ঠার ডাক দিয়ে একযোগে বিঁধলেন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের।

শুভেন্দুর বিশেষ বার্তা: শোভাযাত্রার মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “আমরা রামরাজ্য চাই। যেখানে মানুষের হাতে কাজ থাকবে, পেটে ভাত থাকবে আর মাথায় ছাদ থাকবে। আমরা চাই সুশাসন এবং নারী সুরক্ষা।” তবে এখানেই থেমে থাকেননি তিনি। চড়া সুরে শুভেন্দু যোগ করেন, “হিন্দু বিরোধীদের বিনাশ এবং সনাতন বিরোধীদের বিনাশ হোক।” ভোটের মুখে তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে মেরুকরণের জল্পনা উসকে দিয়েছে।

হাসপাতাল থেকে পাড়া— জনসংযোগের নয়া কৌশল: এদিন কেবল মিছিল নয়, ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নিবিড় জনসংযোগ সারেন শুভেন্দু। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে গিয়ে রোগীদের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তিনি। এমনকি রাস্তার ধারের সাধারণ মানুষের বাড়িতে গিয়েও ভোটের আবেদন জানান। উৎসবের মেজাজকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করতে মরিয়া চেষ্টা চালালেন বিজেপি শিবিরের এই হেভিওয়েট নেতা।

রাজ্যজুড়ে উত্তেজনা: কলকাতায় শুভেন্দুর মিছিল শান্তিপূর্ণ থাকলেও রাজ্যের অন্য প্রান্তে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির খবর মিলেছে। নিউটাউনে অস্ত্র নিয়ে মিছিলে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়ার ধস্তাধস্তি হয়। অন্যদিকে, ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল আটকে দেওয়ায় চরম উত্তেজনা ছড়ায়। যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়েও রামনবমী উদযাপনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলির মধ্যে স্লোগান-পাল্টা স্লোগানে বিতর্ক দানা বেঁধেছে।

Samrat Das
  • Samrat Das